এক বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। গতকাল সোমবার এ ঘোষণা দেওয়া হয়।
এদিকে কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই মামলার আসামি।
এক বছর মেয়াদি নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আলমগীর টিপু। সাধারণ সম্পাদক হয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র এইচ এম ফজলে রাব্বী।
আলমগীর টিপু চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র নাছির উদ্দিন এবং ফজলে রাব্বী নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
ছাত্রলীগ সূত্র জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১১ সালের ২৫ জুন। অন্তঃকোন্দল ও নানা বিতর্কের কারণে ২০১৪ সালের ১০ জুন ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। গতকাল নতুন কমিটি ঘোষণা করা হলো।
সূত্র জানায়, গত রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নতুন কমিটি অনুমোদন করলেও গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এদিকে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই মামলার আসামি। ২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় রেলের দরপত্র জমা নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় পুলিশের করা মামলার ৭ নম্বর আসামি আলমগীর টিপু।
২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর মধ্যরাতে ছাত্রলীগের বগিভিত্তিক পক্ষ ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) এবং সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ (বর্তমানে বিজয়) পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত ভিএক্স পক্ষের কর্মী ফরহাদ হোসেন হাটহাজারী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। ওই মামলার আসামি ফজলে রাব্বী।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রথম আলোকে বলেন, কিছুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করব না।’
মামলা সম্পর্কে জানতে চাইলে নিজেকে নির্দোষ দাবি করে আলমগীর টিপু বলেন, ‘এটি রাজনৈতিক মামলা। বড় একটি ঘটনায় করা মামলায় অনেকের নামই চলে আসে। সেভাবে হয়তো আমার নামটিও উল্লেখ করা হয়েছে।’
মামলার বিষয়ে ফজলে রাব্বী বলেন, ‘যে ঘটনায় আমার নামে মামলা হয়, সেই ঘটনার দিন আমি ঢাকায় অবস্থান করছিলাম। আমার সংগঠনের কেন্দ্রীয় নেতারা এর সাক্ষী। আমার ব্যক্তি ইমেজকে প্রশ্নবিদ্ধ ও আমাকে হয়রানি করতেই এই মামলা করা হয়।’