ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
এ কমিটিতে পদ না পাওয়া কয়েকজন নেতার নেতৃত্বে কুড়িগ্রাম আদর্শ পৌর বাজার থেকে গতকাল মঙ্গলবার দুপুরে মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পৌরবাজার মোড়ে সমাবেশ করে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রলীগ নেতা-কর্মীরা জানান, সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুমিনুর রহমান। এ ছাড়া আরও বক্তব্য দেন রিপন আহমেদ, জামিল আজাদ, রাজু আহমেদ, আল আমিন সরকার প্রমুখ। বক্তারা বলেন, কাউন্সিলরদের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগের কোনো পরীক্ষিত নেতা নন। অবিলম্বে এটি বাতিল করে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান তাঁরা।
গত শনিবার কুড়িগ্রাম টাউন হলে জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২টি ইউনিটে কাউন্সিলর ছিলেন ৪০১ জন। দ্বিতীয় অধিবেশনে প্রার্থী নির্বাচন ও প্রত্যক্ষ ভোটাভুটি নিয়ে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ছাত্রলীগ নামধারী একদল দুর্বৃত্তের হাতে লাঞ্ছিত হন সংগঠনের কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান। এ পরিস্থিতিতে রাত সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় নেতারা কাউন্সিলের কার্যক্রম স্থগিত করে ঢাকা চলে যান।
কেন্দ্র থেকে রোববার ফ্যাক্সের মাধ্যমে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। পরদিন পদ না পাওয়া কয়েকজন ও তাঁদের সমর্থকেরা স্থানীয় প্রেসক্লাবে গিয়ে নতুন কমিটি প্রত্যাখ্যান করে চার দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন।
জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি খন্দকার মো. ওয়াহিদ্দুন্নবী বলেন, কমিটিতে পদ না পেয়ে তাঁরা এসব করছেন।