ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ
কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবিতে গতকাল সোমবার বেলা তিনটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশ।
বিক্ষোভ মিছিলটি পেকুয়া বাজারের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ইসলামী ব্যাংক মোড় ঘুরে বাজারে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ বারেক, ছাত্রলীগের একাংশের নেতা কফিল উদ্দিন বাহাদুর, শহিদুল ইসলাম, নাছির উদ্দিন, মো. আনোয়ার প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের নেতারা বলেন, পেকুয়ায় উপজেলা ছাত্রলীগের একটি কমিটি থাকার পরও জেলা ছাত্রলীগ টাকার বিনিময়ে জামায়াত-বিএনপির দালাল, বিবাহিত ও ব্যবসায়ীদের হাতে একটি পকেট কমিটি তুলে দিয়ে পেকুয়াকে অশান্ত করার অপচেষ্টা করছে। অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের জন্য কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে ছাত্রলীগের একাংশের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত হন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়ার সাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও পেকুয়া উপজেলা সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদকেরা।
গত ২৫ অক্টোবর সালাহউদ্দিন মাহমুদকে আহ্বায়ক করে আজিজুর রহমান, আতিকুজ্জামান, আমিরুল খোরশেদ, বেলাল উদ্দিন, নেওয়াজ শরীফ ও মো. ইমরানুল হককে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। এর পর থেকে ওই কমিটিতে ছাত্রলীগের ত্যাগী নেতাদের স্থান দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে তা বাতিলের দাবি করে আসছে কফিল-শহিদের নেতৃত্বে ছাত্রলীগের একাংশ।