পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় কর্মকাণ্ডের অংশ হিসেবেই ছাত্রলীগের নেতারা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস কলঙ্কিত করার প্রয়াস ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তাঁরা।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতারা বিবৃতিতে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি আর ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বজনীন এ ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রয়াসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামধারী কিছু ছাত্র নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য ভূলুণ্ঠিত করার ঘৃণ্য প্রয়াস চালাচ্ছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রয়াস চালাচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের নেতারা বিবেকের তাড়নায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বজনীন ভাবমূর্তি সমুন্নত রাখার মানসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার প্রয়াস নিয়েছেন।
বিবৃতিদাতাদের মধ্যে পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেছবাহউদ্দীন, মহাসচিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খানসহ বিভিন্ন নেতারা রয়েছেন। বিবৃতিদাতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য মো. আখতারুজ্জামানের নামও রয়েছে। আরও রয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি আবদুস সবুর, জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের প্রধান সমন্বয়ক কাজী ফারুক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি