সরকারদলীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি থানা ইউনিট সভাপতিকে কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি পদ দেওয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদ হিসেবে কয়েকজন কেন্দ্রীয় নেতা নিজেদের স্বঘোষিত সহসভাপতি দাবি করেছেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি জাকির হোসেন ওরফে সাগর দাবি করেছেন, তাঁকে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নির্বাচন করা হয়েছে। গতকাল সোমবার তিনি মধুর ক্যানটিনে ছাত্রলীগের নেতা-কর্মীদের মিষ্টি বিতরণ করেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানের সঙ্গে কোলাকুলিরত একটি ছবি দিয়ে নিচে নিজেকে সহসভাপতি হিসেবে উল্লেখ করেন।
এ ছাড়া কলেজের লতিফ ছাত্রাবাসের সাবেক সভাপতি পরিচয় দিয়ে মাহফুজুর রহমান নামে একজন জাকিরের ফেসবুক দেয়ালে ছবিসহ পোস্টারের মতো তৈরি করে জাকিরকে সহসভাপতি নির্বাচিত করায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।
ঘটনার প্রতিবাদে বিকেল চারটার দিকে কেন্দ্রীয় কমিটির উপপরিকল্পনা ও কর্মসূচি সম্পাদক মারুফ বিল্লাহ, স্কুলবিষয়ক উপসম্পাদক সালমান হোসেন, সহসম্পাদক এস এম আসাদুজ্জামানসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় উপসম্পাদক ও সহসম্পাদক নিজেদের নতুন সহসভাপতি হিসেবে দাবি করে বদিউজ্জামান সোহাগ ও সিদ্দিকী নাজমুল আলমকে ধন্যবাদ জানান। তাঁরা পরস্পর পরস্পরের ফেসবুক দেয়ালে লেখাটি পোস্ট করেন।
ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, গত জুলাইয়ে সংগঠনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু কেউ যাতে পরবর্তী সম্মেলন নিয়ে কথা না বলে, সে জন্য নতুন করে পদ দেওয়া চলছেই। মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে তাঁরা প্রথমে কমিটির আকার বাড়ান। পরে বিভিন্ন সময় হল কমিটি ও জেলা কমিটিগুলো করার সময় সেসব কমিটি থেকে যাঁরা বাদ পড়েন, তাঁদের কেন্দ্রীয় কমিটিতে পদ দিতে থাকে ছাত্রলীগ।
সর্বশেষ কেন্দ্রীয় উপদপ্তর সম্পাদক তারেক রায়হানকে সহসভাপতি পদে উন্নীত করা হয়। তারেক রায়হান বেশ কয়েকবার নিজেকে সহসভাপতি দাবিও করেছেন। গতকাল তাঁর ফেসবুক অ্যাকাউন্টেও তাঁর দেয়ালে সহসভাপতি উল্লেখ করা কয়েকটি পোস্ট পাওয়া যায়।