
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান ও প্রত্যাশিত পদ না পাওয়ায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করেছেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝোলানো হয়। এতে সাধারণ যাত্রী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।
গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেদিন বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিত কর্মীরা। ক্ষুব্ধ নেতা-কর্মীরা আজ বুধবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট আহ্বান করেছেন।
এদিকে অবরোধ ও ছাত্র ধর্মঘটের বিরুদ্ধে ক্যাম্পাসে মিছিল করেছেন নতুন কমিটিতে পদ পাওয়া নেতারা। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ছাত্রাবাস থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা অনুষদের ঝুপড়িতে গিয়ে শেষ হয়। মিছিলে অবরোধ ও ধর্মঘটের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পদবঞ্চিত নেতা-কর্মীরা গতকাল বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করেন। পরে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পর তাঁরা বেলা দুইটার দিকে অবরোধ তুলে নেন। অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।
এদিকে পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীদের আরেক অংশ বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। তারা বেলা দেড়টার দিকে শহরগামী শাটল ট্রেনও আটকে দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে আলোচনার পর বেলা দুইটার দিকে তালা খুলে নেওয়া হয়। এ ছাড়া বেলা পৌনে দুইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ কর্মসূচি পালনকারী ও নতুন কমিটির সহসভাপতি মো. মামুন সাংবাদিকদের বলেন, নতুন কমিটিতে শিবিরবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ত্যাগী কর্মীদের স্থান দেওয়া হয়নি। বরং ছাত্রশিবির ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে কমিটিতে পদ দেওয়া হয়েছে। এই কমিটি বাতিল করে নতুন কমিটি দিতে হবে। দাবি মেনে নেওয়া না হলে বুধবার বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করা হবে।
অবরোধে অংশ নেওয়া নতুন কমিটির শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আবদুল মালেক বলেন, ‘বহিরাগত তরুণেরা ক্যাম্পাসে মিছিলের চেষ্টা করলে আমরা তাঁদের প্রতিহত করতে চেষ্টা করি এবং কমিটি পুনর্গঠনের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে বাঁচানোর জন্য এ দাবি জানাচ্ছি।’
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাইল বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা কিছু সময়ের জন্য সড়ক ও শাটল ট্রেন অবরোধ করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেন। আলোচনার পর তাঁরা অবরোধ তুলে নেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন প্রথম আলোকে বলেন, কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। আন্দোলনকারীরা কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত অমান্য করছেন, যা কাম্য নয়। কেন্দ্রীয় ছাত্রলীগ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত। পুলিশকে সতর্ক থাকতে ও শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।’