ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা নিয়ে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনীতি’মুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষ পাল্টাপাল্টি বিভিন্ন হল ও অনুষদ কমিটি ঘোষণা করায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান এক পক্ষে এবং দুই যুগ্ম আহ্বায়ক আল আমিন ও সৈয়দ শাহরিয়া মাহমুদ আরেক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন। এ অবস্থার মধ্যে আজ শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।
দলের অন্তত ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হয়। শুরু থেকেই এ বিশ্ববিদ্যালয় ছাত্ররাজনীতিমুক্ত। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সব শিক্ষার্থীই ভর্তির সময় ‘ছাত্ররাজনীতি’ করবেন না মর্মে অঙ্গীকারনামায় সই করেন।
কিন্তু ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের পরপরই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যানারে রাজনীতি শুরু হয়। এরপর ২০১১ সালে ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে লোকপ্রশাসন বিভাগের তৎকালীন শিক্ষার্থী মাহমুদুর রহমানকে আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের আল আমিন ও ইংরেজি বিভাগের সৈয়দ শাহরিয়া মাহমুদকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এর মধ্যে মাহমুদুর রহমান ও আল আমিনের ছাত্রত্ব শেষ।
হঠাৎ করে মাহমুদুর রহমান তাঁর অনুসারীদের দিয়ে ৭ এপ্রিল ব্যবসায় শিক্ষা অনুষদ এবং ৮ এপ্রিল বঙ্গবন্ধু হলের কমিটি ঘোষণা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আল আমিন ও সৈয়দ শাহরিয়া মাহমুদ গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এবং কলা, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অনুষদের কমিটি ঘোষণা করেন। ছাত্রলীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুই পক্ষের উত্তেজনা দেখা দিয়েছে। উভয় পক্ষ নিজেদের আধিপত্য বিস্তারের জন্য বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে।
এদিকে আজ সকাল ১০টায় ‘রাজনীতি’মুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে চলমান পরিস্থিতি ও দলীয় কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহরিয়া মাহমুদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করে এমন নিয়মিত ছাত্রদের দিয়ে কমিটি করতে হবে। কোনো অছাত্রকে দিয়ে বিশ্ববিদ্যালয় কমিটি করা যাবে না। আহ্বায়ক আমাদের না জানিয়ে হল ও অনুষদ কমিটি গঠন করায় আমরা পাল্টা কমিটি গঠন করেছি। আমাদের সঙ্গে আহ্বায়ক কমিটির বেশির ভাগ সদস্য রয়েছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হয়েছে।’
মাহমুদুর রহমান বলেন, দুই যুগ্ম আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ে থাকেন না, তাই কমিটি নিয়ে তাঁদের জানানো হয়নি।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালালউদ্দিন আহমেদ বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাবেন।
পরে তাঁরা কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ ও মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।