ছাত্রলীগের পিঠে লম্বা ব্যাগ ভেতরে কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শহরে গতকাল রোববার হরতালবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। এতে যোগ দেওয়া ছাত্রলীগ নেতা-কর্মীদের অনেকের পিঠে বা হাতে ঝুলতে দেখা গেছে লম্বা লম্বা ব্যাগ। কিন্তু কী আছে তাঁদের ওই সব ব্যাগের মধ্যে?
গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগরের কেন্দ্রস্থলের কোর্ট পয়েন্টে ছিল আওয়ামী লীগের হরতালবিরোধী অবস্থান। ছাত্রলীগসহ অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হন। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে ছাত্রলীগের নেতা-কর্মীদের দলের ভেতর অন্তত সাতজনকে ব্যাগ বহন করতে দেখা যায়। এ ছাড়া খবরের কাগজ ও পলিথিন ব্যাগ দিয়ে মোড়ানো কিছু সরঞ্জামাদি বহন করতে দেখা গেছে কাউকে কাউকে।
একাধিক ব্যাগ বহনকারীকে অনুসরণ করে দেখা যায়, তাঁদের ব্যাগগুলোর অধিকাংশই স্পোর্টস ব্যাগ। কোনো কোনোটি ব্যাডমিন্টনের র্যাকেট রাখার ব্যাগ। যাঁদের কাছে এগুলো আছে, তাঁরা সাধারণত মিছিল বা নেতা-কর্মীদের জটলার মধ্যভাগে থাকছেন। তাঁদের চলাফেরার পদক্ষেপও বেশ সতর্ক। এঁদের বেশির ভাগ ছাত্রলীগের কর্মী বলে নিশ্চিত করেন একাধিক প্রত্যক্ষদর্শী। অনেকের ধারণা, ব্যাগের মধ্যে অস্ত্র থাকতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম বলেন, ছাত্রলীগের মিছিলে অধিকাংশই সরাসরি কলেজ থেকে যোগ দিচ্ছেন। ব্যাগে হয়তো অনেকের বই-খাতা আছে। এতে অন্য কিছু নেই বলে তিনি জানান।
হরতালবিরোধী মিছিল শেষে কোর্ট পয়েন্টে নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দির আহমদ কামরানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজসহ স্থানীয় নেতারা।
মিসবাহউদ্দিন সিরাজ বলেন, ‘ব্যাগের মধ্যে কী আছে, না দেখে প্রশ্ন তোলা ঠিক নয়।’