ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি সাড়ে তিন বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরের আহ্বায়ক কমিটি সাড়ে তিন বছরে গড়ালেও বাংলাদেশ ছাত্রলীগের খুলনা জেলার পূর্ণাঙ্গ কমিটি এখনো গঠিত হয়নি। নয়টি উপজেলা ও একটি পৌরসভা কমিটি মেয়াদোত্তীর্ণ। সাতটি উপজেলা কমিটি অপূর্ণাঙ্গ, একটি পৌরসভায় কোনো কমিটিই নেই। ৩৭টি কলেজ ইউনিটের মধ্যে ৩৪টিতেই সম্মেলন হয় না প্রায় ছয় বছর ধরে।
এসব উপজেলা, পৌরসভা ও কলেজ ইউনিটে কমিটির কাজ তাই সাড়ে তিন থেকে ছয় বছর আগের কমিটি দিয়েই চলছে। অভিযোগ আছে, কমিটি পূর্ণাঙ্গ করলে আধিপত্য কিছুটা খর্ব হতে পারে এমন আশঙ্কায় সাবেক সভাপতি পূর্ণাঙ্গ কমিটি দিতে চান না।
এদিকে ৬ জুন জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও তা হয়নি।
জেলা ছাত্রলীগ সূত্র জানায়, সাড়ে নয় বছর পর ২০১২ সালের ১০ জানুয়ারি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরাফাত হোসেনকে সভাপতি এবং মুশফিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে একজন কেন্দ্রীয় সদস্যসহ ১৬ সদস্যের খুলনা জেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ওই সময় দ্রুত পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা দিতে নির্দেশ দেওয়া হয়।
কিন্তু ওই কমিটি হওয়ার আগের রাতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটা, দাকোপ, তেরখাদা ও দীঘলিয়া উপজেলায় তাঁর অনুসারীদের দিয়ে দুই সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি করে দিয়ে যান। এর আগে ২০১০ সালে কয়রা ও পাইকগাছায় পূর্ণাঙ্গ এবং রূপসায় আহ্বায়ক কমিটি করা হয়।
ফলে ওই উপজেলাগুলোর নেতারা বর্তমান সভাপতি-সম্পাদকের বদলে সাবেক সভাপতির নির্দেশে কাজ করছেন। ওই সব নেতার বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও ব্যবস্থা নিতে পারেন না বর্তমান নেতারা। যার কারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ডুমুরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সরদার কবিরুল ইসলামকে ২০১৩ সালের ২৬ মে বহিষ্কার করা হলেও ওই বছরের ১০ অক্টোবর তা প্রত্যাহার করে নেওয়া হয়। ১৪ মে ছাত্রদল নেতাকে একই উপজেলার সাহস ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ঘোষণার ঘটনায় সভাপতি-সাধারণ সম্পাদকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কমিটি বাতিল ও উপজেলার শীর্ষ নেতাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর বিপরীতে আবু হানিফের অনুসারী জেলার সাত নেতা কমিটি পুনর্বহালের পক্ষে মত দেন।
ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে খুলনা জেলা ছাত্রলীগে আবু হানিফই শেষ কথা। সাবেক ওই নেতার নির্দেশে জেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে বর্তমান সভাপতি-সম্পাদককে বাইরে রেখেই।
অভিযোগের ব্যাপারে খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবু হানিফ মুঠোফোনে বলেন, ‘সম্মেলনের আগের রাতে ছয়টি উপজেলায় কমিটি করা হয়েছিল এটা ঠিক। তবে কেন্দ্রের অনুমতিতেই তা করা হয়েছে। তা ছাড়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে আমাকে কেন্দ্রীয় নেতা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। ওই অনুষ্ঠানগুলোতে জেলা সভাপতি-সম্পাদককে আমন্ত্রণ জানানো হয় কি না তা আমি জানি না।’
২৫ ও ২৬ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ৮ মে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ সম্মেলনের ঘোষণা দেওয়ার পাশাপাশি যেসব জেলা শাখা এখনো পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করেনি, এক সপ্তাহের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করিয়ে নেওয়ার নির্দেশ দেন।
ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ মুঠোফোনে বলেন, খুলনা জেলা ছাত্রলীগের কমিটি সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।
ছাত্রলীগের জেলা সভাপতি আরাফাত হোসেন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বলেন, কমিটির ব্যাপারে কেন্দ্রকে বারবার জানানো হলেও স্থানীয় আওয়ামী লীগের কোন্দলের কথা বলে তাঁরা কোনো সিদ্ধান্ত দেননি।
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ বলেন, বড় সংগঠনে কোন্দল থাকতেই পারে। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন। তাই সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের খুলনায় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এবং উপজেলা সম্মেলন শেষ করে দ্রুত জেলা সম্মেলন করার জন্য বলা হয়েছে।