ছাত্রলীগের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
‘ছাত্রলীগ বনাম ছাত্রলীগ, ছয় বছরে নিহত ৩৯’ শিরোনামে গতকাল শনিবার প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
সংগঠনের দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় বছরে ছাত্রলীগের ৩৯ জন নিহত হওয়ার তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। প্রতিবেদনটি ‘বস্তুনিষ্ঠ’ ও ‘তথ্যনির্ভর’ নয়। এটি ছাত্রলীগের ভাবমূর্তি ও সুনাম নষ্ট করেছে।
প্রতিবাদপত্রে বলা হয়, ছাত্রলীগ বিভিন্ন সময় অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি, দরপত্র নিয়ন্ত্রণ, ভর্তি-বাণিজ্য, শিক্ষক লাঞ্ছনা ও সাংবাদিক-পুলিশের ওপর হামলায় জড়িত—এ বক্তব্যও মিথ্যা, ভিত্তিহীন। প্রতিবাদপত্রে দাবি করা হয়, ‘নিহত সুমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও ছিল না।’
শেখ রাসেল প্রতিবাদপত্রে উল্লেখ করেন, প্রথম আলোর জন্মলগ্ন থেকে তিনি নিয়মিত পাঠক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক প্রথম আলোর সঙ্গে তিনি ছিলেন, আছেন, থাকবেন।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে প্রতিবেদকের কোনো মন্তব্য নেই। গত ১ জানুয়ারি ২০০৯ থেকে ২১ নভেম্বর ২০১৪ পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। আর প্রতিবেদনে কোথাও নিহত সুমন দাসকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলা হয়নি।