ছাত্রলীগের ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যের অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছে ছাত্রলীগ। এ কার্যক্রমের আওতায় অক্সিজেনের সংকটে পড়া দেশের যেকোনো মানুষকে চিকিৎসকদের পরামর্শপত্র অনুযায়ী অক্সিজেন সরবরাহ করবে ছাত্রলীগ।

গতকাল রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে ‘বঙ্গমাতা অক্সিজেন সেবা’ শীর্ষক এ কার্যক্রমের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান। এ অক্সিজেন সেবা নিতে চাইলে নির্ধারিত চারটি হটলাইন নম্বরে ফোন করতে হবে। নম্বরগুলো হলো: ০১৭১১৯২৮৭৪৯, ০১৭২৭৫১১৫৭৩, ০১৬৭০৭১৬২৯৭ ও ০১৬৭২১৩৫০৭৬।

অক্সিজেন সেবা উদ্বোধনকালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান বলেন, করোনা মোকাবিলায় শুরু থেকেই সারা দেশে ছাত্রলীগের নানা কার্যক্রম চলমান। এসব কার্যক্রমেরই একটি অংশ এই অক্সিজেন সেবা কার্যক্রম। বঙ্গমাতার জন্মদিনে সেই কার্যক্রমকে গতিশীল করার জন্য সারা দেশের প্রতিটি ইউনিট ও বিভাগীয় মেডিকেল কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অক্সিজেনের সংকটে পড়া যেকোনো মানুষকে চিকিৎসকদের পরামর্শপত্র বা দায়িত্বশীল ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করবে ছাত্রলীগ। বঙ্গমাতার নামে এই সেবার নামকরণ করতে পারাটা এ কর্মসূচির মূল সার্থকতা।


এ অক্সিজেন সেবা কার্যক্রমে বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ তন্ময় ৫০টি সিলিন্ডার পাঠিয়েছেন, পরে আরও ৫০টি সিলিন্ডার পাঠাবেন উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি এর জন্য সাংসদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘দেশের মানুষের পাশে থেকে কাজ করাই ছাত্রলীগের ঐতিহ্য। আমরা ভোগের নয়, ত্যাগের রাজনীতি করব।’
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সাঈফ বাবু, তিলোত্তমা শিকদার, মাহমুদুল হাসান (তুষার), যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, মাহবুব খান, তাহসান আহমেদ (রাসেল), মুক্তিযুদ্ধ ও গবেষণাবিষয়ক সম্পাদক মেহেদী হাসান (তাপস), সাহিত্যবিষয়ক সম্পাদক আসিফ তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয়বিষয়ক সম্পাদক আল আমিন রহমান, সমাজসেবাবিষয়ক উপসম্পাদক তানভীর হাসান (সৈকত) প্রমুখ উপস্থিত ছিলেন।