ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় কমিটিতে একই পাড়ার তিনজন!

ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে গোলাম কিবরিয়া সভাপতি ও ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। ওই কমিটির আরও ১১ জনের নাম ঘোষণা করা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয়দের প্রাধান্য দিয়ে এই কমিটি করা হয়েছে।
৭ ও ৮ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন কমিটির ১৩ সদস্যের নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সহসভাপতি পদ পেয়েছেন কাজী আমিনুল হক, সৈকত হোসেন সৈকত ও হাবিবুল্লাহ নিক্সন; যুগ্ম সাধারণ সম্পাদক পদ মিজানুর রহমান, ফয়েজ আহমেদ, মামুন শেখ ও শাহিনুল সরকার; সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন আবদুল মোমিন, সাবরুন জামিল, এনায়েত হক ও রেজাউল করিম।
খোঁজ নিয়ে দেখা গেছে, ঘোষিত কমিটির ১৩ জনের মধ্যে ছয়জনেরই বাড়ি রাজশাহী জেলায়। এর মধ্যে চারজনেরই বাড়ি রাজশাহী মহানগরে। আরও নির্দিষ্ট করে বললে তিনজনের বাড়ি একই পাড়ায়।
নতুন কমিটির সভাপতি গোলাম কিবরিয়ার বাড়ি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বুধপাড়ায়। সহসভাপতি কাজী আমিনুল হকের বাড়িও বুধপাড়ায়। একই পাড়া থেকে যুগ্ম সম্পাদক হয়েছেন শাহিনুল ইসলাম সরকার। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী ভদ্রা এলাকা থেকে সাংগঠনিক সম্পাদক হয়েছেন এনায়েত হক। অপর সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলায়। আর সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের বাড়ি রাজশাহীর পবা উপজেলায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তত পাঁচ নেতা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে নেতা হওয়ার দৌড়ে রাজশাহীর স্থানীয় নেতারাই বরাবর এগিয়ে রয়েছেন। রাজশাহীর বাইরে থেকে এই বিশ্ববিদ্যালয়ে এসে রাজনীতি করা শিক্ষার্থীরা নেতৃত্বের দৌড়ে পিছিয়ে থেকেছেন শুধু রাজশাহীতে বাড়ি না হওয়ার কারণে। এর মূল কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওপর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণকেই দায়ী করছেন ছাত্রলীগ নেতারা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির এক নেতা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। কিন্তু এখানে ছাত্রলীগের কমিটি দেখলে মনে হয় রাজশাহী জেলা কিংবা মহানগর কমিটি করা হয়েছে। এভাবে চলতে থাকলে বাইরে থেকে এসে কেউ আর ছাত্রলীগের রাজনীতি করবে না।
জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আবু হুসাইন বলেন, ‘নেতা নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা বিবেচনা করা হয়। কার বাড়ি কোথায়, সেটা নেতা নির্বাচনে গুরুত্ব দেওয়া হয় না।’