ছাত্রলীগের ভাবমূর্তি বাড়লে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের নতুন নেতৃত্বকে সুনামের ধারা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ছাত্রলীগকে বঙ্গবন্ধুর ভাবমূর্তি বাড়াতে হবে না; বরং ছাত্রলীগ নিজেদের ভাবমূর্তি বাড়ালে বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
একজন ছাত্রনেতাও তাঁদের বক্তব্যে শিক্ষাসংক্রান্ত কোনো কথা বলেননি—উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কি শিক্ষার জন্য কিছু করেননি? পঁচাত্তরের ১৫ আগস্টেও তাঁর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল। কিন্তু আগের রাতেই ধানমন্ডির ৩২ নম্বরের সিঁড়িতে বাংলাদেশের মানচিত্র রক্তাক্ত হলো।