ছাত্রলীগের ভাল কাজ খবরে আসে না: জয়

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কোনো ভাল কর্মকাণ্ডই খবরে আসে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ‘ছাত্রলীগ কোথাও কিছু করলেই সেটা পত্রিকাগুলো বড় করে দেয়। পত্রিকাগুলোর সেনশনাল নিউজ না হলে চলে না। ছাত্রলীগ যে ভাল কাজ করে সেটা খবরে আসে না।’
আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইয়ং বাংলা নামের একটি সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে জয় এসব কথা বলেন। এর আগে সজীব ওয়াজেদ ইয়ং বাংলার সদস্য হয়ে সংগঠনটির উদ্বোধন ঘোষণা করেন। ২০২১ সাল পর্যন্ত সংগঠনটি কাজ করবে। দেশের বিভিন্ন যুব সংগঠনকে একই প্লাটফর্মে নিয়ে আসার জন্য সংগঠনটি কাজ করবে।
আ.লীগ ভবিষ্যৎকেও নিশ্চিত করতে চায়: জয়ছাত্র রাজনীতি কী কলুষিত হয়ে গেছে?—একজন দর্শকের এমন প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘ছাত্র রাজনীতি আজকালতো হট টপিক। একটি দল যখন ক্ষমতায় থাকে তখন অনেকে সুবিধা নেওয়ার জন্য ওই দলে ঢুকে পড়ে। এখন যারাই আকাম করছে তারাই ছাত্রলীগের নাম ব্যবহার করছে। তবে আমরা কখনো দুর্নীতি, সন্ত্রাস সহ্য করি না। গত পাঁচ বছরে সাড়ে ছয় শ ছাত্রলীগ নেতা-কর্মীকে জেলে দেওয়া হয়েছে। কেউ কোনো অপরাধ করলেই আমরা ইমিডিয়েটলি (তাৎক্ষণিক) ব্যবস্থা নেব।’ তিনি বলেন, রানা প্লাজায় ছাত্রলীগ রক্ত দিয়েছে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় অগ্রণী ভূমিকা রেখেছে। কিন্তু সেগুলো কখনো মিডিয়াতে আসে না।
জয় বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে সমস্যা হবেই। তারপরেও গত পাঁচ বছরে আমরা অর্ধেক পথ চলে এসেছি। বাকি অবশ্যই আমাদের পক্ষে করা সম্ভব। আমরা হয়তো অন্য দেশের তুলনায় অর্থের দিক থেকে পিছিয়ে আছি। কিন্তু মেধার দিক থেকে পিছিয়ে নেই। আওয়ামী লীগ সরকারের কোনো সীমাবদ্ধতা নেই। আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে।’
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগের স্বপ্ন শুধু বর্তমানকে নিয়ে নয়। আওয়ামী লীগ ভবিষ্যৎকেও নিশ্চিত করতে চায়। আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে সফল হয়েছি। তিনি বলেন, তরুণেরাই আমাদের ভবিষ্যৎ। দেশের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তা আমরা ধরে রাখতে চাই। বর্তমানে যাঁরা বয়স্ক, ভবিষ্যতে তো তাঁরা বেঁচে থাকবেন না। তখন যুবকদের কী করণীয় হবে, কী কাজ করবে সে জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
যুবকদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ক্ষুদ্র ও মাঝারি (এসএনই) ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে মন্তব্য করে জয় বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় তহবিল করে দিয়েছে। কেউ যদি সফটওয়্যার, আইটি ফার্ম করতে চান তাহলে সেখান থেকে ঋণ নিতে পারবেন।
অনুষ্ঠানে ইয়াং বাংলার আহ্বায়ক সাংসদ নাহিম রাজ্জাক, সাব্বির শামস প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়া তরুণ মন্ত্রী, সাংসদ ও ৬৪টি জেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ঢাকায় ইয়ং বাংলা একটি যুব সম্মেলন করবে।