ছাত্রলীগের মধ্যে কিছু কিছু আপদ আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এই আপদ মুক্ত করে ছাত্রলীগকে গড়ে তুলতে হবে।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শহীদ মিনার চত্বরে এই সম্মেলন হয়।
সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সারা দেশে কিছু কিছু জায়গায় এমন আপদ রয়েছে। সম্পদ যদি আপদ হয়, তবে তা সুনাম নষ্ট করে। এসব আপদের জন্য ছাত্রলীগের সুনাম নষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘বিশ্বব্যাংক নেই বলে পদ্মা সেতু হবে না, এ কথা একসময় আমাদের জন্য স্বাভাবিক ভাবনা ছিল। কিন্তু বর্তমান সরকার সেই ভাবনাকে অমূলক প্রমাণ করে বিশ্বব্যাংক ছাড়াই পদ্মা সেতুর নির্মাণকাজ হাতে নিয়েছে। ২০১৮ সালের মধ্যে এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।’
কোটালীপাড়া ছাত্রলীগের সভাপতি মো. বাবুল হাজরার সভাপতিত্বে সম্মেলনে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।