ছাত্রলীগের মানববন্ধনে ওরা কেন?
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে আয়োজিত মানববন্ধনে চলছে ছাত্রলীগ নেতাদের বক্তব্য। একদল স্কুলপড়ুয়া শিক্ষার্থী দাঁড়িয়ে আছে সেই মানববন্ধনে। চোখ-মুখে তাদের কৈশোরের ছাপ। সবার বয়স ১০ থেকে ১৫-এর কোঠায়। কৈশোরের চঞ্চলতার কারণে লাইনে দাঁড়িয়েও কখনো তারা আশপাশে হাঁটাহাঁটি করছে, কখনো মুঠোফোন বের করে দল বেঁধে সেলফি তুলছে।
গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে চোখে পড়ে এমন দৃশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মানববন্ধন চলাকালে সাংবাদিকেরা কিশোরদের ছবি তোলার সময় কয়েকজন মুখ আড়াল করে। আবার কেউ কেউ ক্যামেরার ফ্রেমে আসার চেষ্টা করে। তাদের কয়েকজনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানায়, তাদের প্রায় সবার বাড়ি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বুধপাড়া এলাকায়। মানববন্ধনে অংশ নেওয়া সম্পর্কে জানতে চাইলে তারা বলে, ‘এক বড় ভাই আসতে বলেছিল, তাই এসেছি।’