ছাত্রলীগের মারধরের পর সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক শিক্ষার্থীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য তোলার সময় বাগ্‌বিতণ্ডার জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলের এক শিক্ষার্থীকে মারধর করেছেন একই হলের ছাত্রলীগের কয়েকজন নেতা। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হলের এ ব্লকের ২১৭ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

গতকাল বুধবার দুপুরে হলের প্রাধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ জমা দেওয়ার প্রস্তুতি নেন মারধরের শিকার ছাত্র অর্থনীতি বিভাগের ৪১তম ব্যাচের মো. ওবায়দুল্লাহ। পরে অবশ্য তিনি বলেন, হল প্রশাসন ও ছাত্রলীগ বিষয়টি সমঝোতা করে দিয়েছে।

হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অসুস্থ এক ছাত্রীর চিকিৎসার জন্য শহীদ সালাম-বরকত হলে আর্থিক সাহায্য সংগ্রহ করছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপস্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক মো. আরিফ আহমেদসহ আরও কয়েকজন শিক্ষার্থী। একপর্যায়ে তাঁরা হলের এ ব্লকের ৪১৫ নম্বর কক্ষে সাহায্য তুলতে যান। এ সময় ওই কক্ষের আবাসিক শিক্ষার্থী ওবায়দুল্লাহ আগে অন্য একদলকে আর্থিক সাহায্য করেছেন বলে জানান। এ নিয়ে কথা বলার একপর্যায়ে আরিফের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়।

এ ঘটনার পর রাত দেড়টার দিকে ছাত্রলীগের চার-পাঁচজন নেতা-কর্মী এসে ওবায়দুল্লাহকে ডেকে ২১৭ নম্বর কক্ষে নিয়ে যান। সেখানে সংগঠনের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাহবুব, সহসম্পাদক হাসান ইশতিয়াক ওরফে হৃদয় ও আরিফ তাঁকে ক্রিকেট স্টাম্প দিয়ে মারধর করেন ও কিল-ঘুষি মারেন। পরে ছাত্রলীগের কয়েকজন নেতা এসে তাঁদের থামান।

জানতে চাইলে আরিফ বলেন, ‘সে (ওবায়দুল্লাহ) আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমি বিষয়টি সিনিয়রদের জানিয়েছি। এরপর আমি আর কিছু জানি না। তবে ঘটনাটির মীমাংসা হয়ে গেছে।’ আর মাহবুব মুঠোফোন ধরেননি। ইশতিয়াকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে মীমাংসা হয়েছে জানিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি ওবায়দুল্লাহ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ওরফে চঞ্চল বলেন, ‘এটা হলের অভ্যন্তরীণ ছোট একটা সমস্যা। জানার পরই আমরা সামাজিকভাবে সমঝোতা করে দিয়েছি।’

শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ কবিরুল বাশার বলেন, ‘আমরা ছিলাম। আমাদের উপস্থিতিতেই এ ঘটনার সমঝোতা হয়েছে।’