ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে নতুন কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের মধ্যে শিব্বির (১৯), মাহফুজ (২০), নুরুল ইসলাম (১৮), আহসান হাবীব (১৭), সৌরভ (১৯), রবিউল হাসান (১৯), অনিক (১৯) ও শুভ্র চৌধুরীকে (১৭) কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে নুরুল ইসলাম, শিব্বির, মাহফুজ ও আহসান হাবিবের অবস্থা আশঙ্কাজনক বলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

 চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে  ছাত্রলীগের সিনিয়র (৫ম পর্ব) ও জুনিয়রদের (৪র্থ পর্ব) মধ্যে নতুন কমিটি গঠন কেন্দ্র করে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুরুতর আহত শিক্ষার্থীদের অধিকাংশই সিনিয়র গ্রুপের সদস্য বলে জানা গেছে।

কচুয়া থানার ওসি ইব্রাহীম খলিল জানান, দুই পক্ষের সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।