ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি, সম্মেলনের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতিকে অব্যাহতি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সহসভাপতি রুহুল আমিনকে। এ ছাড়া সংগঠনটির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাবিপ্রবি শাখার সভাপতি সঞ্জীবন চক্রবর্তীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। একই সঙ্গে সহসভাপতি রুহুল আমিনকে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আগামী ১০ অক্টোবর ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি নিতেও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সংসদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে সঞ্জীবনকে অব্যাহতি দেওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের প্রচার সম্পাদক ম সাইফুদ্দিন প্রথম আলোকে বলেন, সঞ্জীবন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হওয়াসহ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হয়েছে। তাই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সঞ্জীবন চক্রবর্তী বলেন, ‘কিছু মানুষের অপকর্মের ক্ষেত্রে আমি বাধা হয়ে দাঁড়ানোয় সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও পরিকল্পিতভাবে আমাকে এ ঘটনায় জড়ানো হয়েছে। অপপ্রচারকারীরা ছাত্রলীগ ও শেখ হাসিনার শত্রু। আমি আশা করছি, বিচারিক প্রক্রিয়া শেষে নির্দোষ প্রমাণিত হব।’ তবে কারা ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে এ ঘটনায় জড়িয়েছে, তা বলতে তিনি রাজি হননি।

ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। রোববার ঢাকা থেকে ক্যাম্পাসে ফিরে ছাত্রলীগকে মাদক ও চাঁদাবাজমুক্ত করতে কাজে নামব।’

গত ৮ এপ্রিল এক স্কুলছাত্রী ও তাঁর সঙ্গে বেড়াতে আসা এক বহিরাগতকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের কয়েকজন কর্মী। এ ঘটনার জের ধরে দুই সাংবাদিককেও মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। পুরো ঘটনা তদন্ত করে সুপারিশ করতে পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলমকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সুপারিশের ভিত্তিতে ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২০৫তম সভায় ছাত্রলীগের চার কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ছাত্রীকে মারধরের ঘটনায় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ হোসেন এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত হন। সাংবাদিকদের মারধরের ঘটনায় নৃবিজ্ঞান বিভাগের রাহাত সিদ্দিকী ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সুমন সরকারকে বহিষ্কার করা হয়। রাহাত ও সুমনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কারের পাশাপাশি প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

 এ ছাড়া এ ঘটনায় মারধরের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে ১২ এপ্রিল সিলেটে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে ২১ মে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।