ছাত্রলীগের সম্মেলন নগরে যানজট
রাজধানীতে যানজটের সমস্যা নতুন নয়। প্রতিদিনই কমবেশি এ সমস্যায় পড়তে হয়। এর মধ্যে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার এই যানজট বাড়ে। কিন্তু গতকাল যানজটের এই মাত্রাটা আরও কয়েক গুণ বেড়ে যায়। প্রচণ্ড গরমের মধ্যে তীব্র যানজট মানুষকে অতিষ্ঠ করে ফেলে।
ধানমন্ডির কলাবাগান মাঠে অনুষ্ঠিত ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে গতকালের যানজট অসহনীয় হয়ে পড়ে। সকাল থেকে বেলা দেড়টা–দুইটা পর্যন্ত মিরপুর সড়কজুড়েই ছিল এ যানজট। এর প্রভাব পড়ে রাজধানীর অন্যান্য সড়কে।
প্রথম আলোর একজন প্রতিবেদক দেখতে পান, সকাল থেকেই কলাবাগান, পান্থপথ এলাকায় মোটরসাইকেল ও বাসে করে প্রচুর নেতা–কর্মী স্লোগান নিয়ে কলাবাগান মাঠের উদ্দেশে যাচ্ছিলেন। ওই এলাকায় ওয়াসার কাজ চলায় গলিপথে যোগাযোগ অনেক জায়গাতেই বন্ধ। এর ওপর মিরপুর সড়কের ওপর কিছু বাস দাঁড়িয়ে থাকায় যানজট বাড়ে।
দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর রোডের রাসেল স্কয়ারে ট্রাফিকের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে। তিনি বলছিলেন, এ সড়ক দিয়ে সকাল থেকেই মিছিল আসছে। ফলে গাড়ি ধীরে চলছে। পরে দেড়টার দিকে আরেক সদস্য বলেন, এখন মিছিল শেষ হওয়ায় গাড়ি একটু টান দিয়েছে।
ওই এলাকায় ঘণ্টা দেড়েক অপেক্ষা করে দেখা গেছে, কিছুক্ষণ পরপরই ছাত্রলীগের বিভিন্ন নেতার সমর্থনে মিছিল হচ্ছিল। মোটরসাইকেল নিয়েও মিছিল করতে দেখা যায়। এ কারণে গাড়িসহ অন্যান্য যানবাহন চলে অত্যন্ত ধীর গতিতে। রাসেল স্কয়ারের সিগন্যালে এসে যানবাহন আটকে যায়। দীর্ঘক্ষণ ধরে সেখানে যানবাহন আটকে থাকতে দেখা যায়।