ছাত্রলীগের সম্মেলন না হওয়ায় 'ব্যথিত' মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন না হওয়ায় সংগঠনের একজন সাবেক কর্মী হিসেবে ‘ব্যথিত’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, আওয়ামী লীগ নয়, ছাত্রলীগই হচ্ছে নেতৃত্ব তৈরির কারখানা। নতুন নেতৃত্ব তৈরি না হলে দল অকার্যকর হয়ে পড়বে।
গতকাল বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রলীগের উদ্যোগে এ সভা হয়।
ছাত্রলীগই আওয়ামী লীগের ব্লাড সার্কুলেশন (রক্ত সঞ্চালন)—এমন মন্তব্য করে মোজাম্মেল হক বলেন, ’৬৯-এর গণঅভ্যুত্থানের ফলে ছাত্রলীগের সম্মেলন হতে তিন মাস দেরি হয়েছিল। সে জন্য পরবর্তী কমিটির মেয়াদ ছিল মাত্র নয় মাস। কিন্তু এখন বছরের পর বছর সম্মেলন হয় না। তিনি প্রশ্ন রেখে বলেন, সম্মেলন না হলে নতুন নেতৃত্ব আসবে কোথা থেকে?
আয়োজক হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফ। ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১১ সালে। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। কিন্তু মেয়াদ পেরিয়ে গেলেও ওই কমিটি এখনো দায়িত্ব পালন করে যাচ্ছে।