ছাত্রলীগের সম্মেলন শেষ হলেও দখলমুক্ত হয়নি বিলবোর্ড
খুলনা মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ৮ জুন। সম্মেলনের পাঁচ দিন পরও নগরের বিভিন্ন সড়কে সংগঠনটির নেতা-কর্মীদের নামে বিজ্ঞাপনী সংস্থাগুলোর বিলবোর্ড দখল করে টানানো ব্যানার এখনো রয়ে গেছে। নগর ছাত্রলীগের দুই নেতা সম্মেলনের পরের দিনই বিলবোর্ড থেকে নিজেদের ব্যানার সরিয়ে নেওয়া হবে বলে প্রথম আলোকে জানিয়েছিলেন।
বিলবোর্ড দখলমুক্ত না হওয়ায় বিজ্ঞাপনদাতাদের চাপের মধ্যে পড়েছেন বিজ্ঞাপনী সংস্থার মালিকেরা। দ্রুত এসব বিলবোর্ড দখলমুক্ত করা না হলে লোকসানের সম্মুখীন হতে হবে বলে জানিয়েছেন তাঁরা।
সম্মেলনের আগে শিববাড়ী মোড়, কদমতলা মোড়, ফেরিঘাট মোড়, ডাকবাংলো মোড়, পিকচার প্যালেস মোড়, রয়েল মোড়, রূপসা ট্রাফিক মোড় ও ময়লাপোতা মোড় এলাকার ৪০টির বেশি কোম্পানির বিলবোর্ড দখল করে টানানো হয় সভাপতি প্রার্থী শেখ শাহজালাল হোসেন ও সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান রাসেলের ব্যানার। এর মধ্যে বেশির ভাগ ব্যানারই শাহজালাল হোসেনের। গত শুক্রবার নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ বিলবোর্ডে ওই ব্যানারগুলো এখনো ঝুলছে।
সবচেয়ে বেশি বিলবোর্ড দখল করা হয় ভিউ ফাইন্ডার্স নামের একটি বিজ্ঞাপনী সংস্থার। সম্মেলনের আগে নগরের ময়লাপোতার মোড় থেকে শিববাড়ী মোড় পর্যন্ত এ সংস্থার প্রায় ২৮টি ছোট-বড় বিলবোর্ড দখল করে ব্যানার টানান ছাত্রলীগের নেতা-কর্মীরা। ব্যানার লাগানোর আগে কেউ অনুমতি নেননি বলে জানিয়েছেন সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি প্রথম আলোকে বলেন, ‘বিলবোর্ডগুলোর জন্য আমরা নিয়মিত সিটি করপোরেশনকে ট্যাক্স দিয়ে আসছি। অথচ আমাদের বিলবোর্ডগুলো যখন দখল করা হয়, তখন সিটি করপোরেশনের পক্ষ থেকে তা নিরসনের কোনো উদ্যোগ নেওয়া হয় না।’
ভিউ ফাইন্ডার্স কর্তৃপক্ষ নিজ উদ্যোগে কয়েকটি ব্যানার খুলে ফেললেও বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার আরও প্রায় ২৫-৩০টি বিলবোর্ড এখনো দখলমুক্ত হয়নি।
পোলাইট অ্যাড নামের একটি বিজ্ঞাপনী সংস্থার মালিক খলিলুর রহমান জানান, ডাচ্-বাংলা ব্যাংক, এসএমসি ও ঢাকা ব্যাংকের বিজ্ঞাপন থাকা তাঁদের তিনটি বড় বিলবোর্ড দখল করা হয়েছে।
সম্মেলনের পরের দিনই বিলবোর্ডগুলো থেকে ব্যানার সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। গতকাল শনিবার দুজনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন ধরেননি। মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়ায় সিটি করপোরেশনের বিজ্ঞাপন-সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্যও নেওয়া যায়নি।