ছাত্রলীগের সম্মেলন ৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২৫তম সম্মেলন ৮ ডিসেম্বর। এ উপলক্ষে পদপ্রত্যাশী নেতাদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে ক্যাম্পাস।

গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের একটি প্রতিনিধিদল এসে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করে নিয়ে গেছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ৭০ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রতিনিধিদলের সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি আবু হুসাইন। আরও জীবনবৃত্তান্ত জমা পড়ার সম্ভাবনা আছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

পদপ্রত্যাশী রাজশাহীর বাইরের তিনজন নেতা প্রথম আলোকে বলেন, কমিটিতে স্থানীয়দের প্রাধান্য দেওয়া হয়। বাইরের শিক্ষার্থীদের আগ্রহ ধরে রাখতে কমিটিতে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন।

গত মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতিনিধিদলটির আসা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা চাই ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব নেতা আসুক।’আরেক সহসভাপতি আবু হুসাইন বলেন, যোগ্য ও ত্যাগী প্রার্থীকেই মনোনীত করা হবে।