ছাত্রলীগের সেই দুজন গ্রেপ্তার হয়নি
রাজধানীর গুলিস্তানে প্রকাশ্যে গুলি করার ঘটনায় করা মামলার আসামি ছাত্রলীগের বহিষ্কৃত দুই নেতাকে সাত দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তাঁরা যেন দেশ ত্যাগ করতে না পারেন, এ জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব ইমিগ্রেশন চেকপোস্টে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
ওই দুজন হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে সদ্য বহিষ্কৃত সাব্বির হোসেন ও ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক থেকে বহিষ্কৃত আশিকুর রহমান। গুলি করার ঘটনার চার দিন পর গত ৩১ অক্টোবর রাতে ওই দুজনসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় এই মামলা করা হয়। মামলার বাদী শাহবাগ থানার উপপরিদর্শক আবদুল মান্নান। এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলিস্তানে হকারদের ওপর হামলা, মারধর ও গুলিবর্ষণের অভিযোগ আনা হয়েছে। গতকাল রোববার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার গতকাল বলেন, ওই দুজনকে ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে। তাঁরা যেন বিদেশে যেতে না পারেন, তাই নিয়ম অনুযায়ী গত বৃহস্পতিবার ইমিগ্রেশন পুলিশে চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে আসামিদের নাম-ঠিকানা, ছবিসহ আনুষঙ্গিক সবকিছুই রয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা ও ঢাকা মহানগর দক্ষিণের দুই নেতা বলেছেন, সাব্বির ও আশিকুর দেশেই আত্মগোপন করে রয়েছেন। তাঁদের দুজনের মুঠোফোন নম্বরই বন্ধ রয়েছে।
২৭ অক্টোবর গুলিস্তানে অবৈধ দোকানপাট উচ্ছেদের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ও একদল যুবকের সঙ্গে হকারদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ওই যুবকদের মধ্যে সাব্বির ও আশিকুরকে আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলি করতে দেখা যায়। ৩১ অক্টোবর তাঁদের বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।