ছাত্রলীগের হামলায় পণ্ড রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে উন্মেষ সাংস্কৃতিক সংসদ আয়োজিত রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানস্থলে গতকাল বুধবার হামলা হয়েছে। নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই অনুষ্ঠান পণ্ড হয়ে যায় এবং উন্মেষের সাধারণ সম্পাদকসহ তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে উন্মেষ সাংস্কৃতিক সংসদের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে চেয়ার বসানো ও শব্দযন্ত্র লাগানোর কাজ চলছিল। বিকেল সোয়া চারটার দিকে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান ওরফে রিয়াদের নেতৃত্বে সংগঠনের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করেন। এ সময় তাঁরা চাষাঢ়া বিজয় স্তম্ভের সামনে মাইকে নিহত ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বিকে শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করেন এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করেন। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহীদ মিনারে লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় তাঁরা প্লাস্টিকের চেয়ার ও শব্দযন্ত্র ভাঙচুর করেন এবং এগুলোয় আগুন ধরিয়ে দেন। সেখানে উপস্থিত জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমাইয়া সেতু, সহসভাপতি ফারজানা আক্তার ও উন্মেষ সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক শুভ বণিককে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। তাঁরা কোনো রকমে শহীদ মিনার থেকে বেরিয়ে রক্ষা পান। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও রিকশায় মাইক নিয়ে শহীদ মিনার দখল করে রাখেন। এ কারণে উন্মেষ সাংস্কৃতিক সংসদ রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান করতে পারেনি।
এদিকে সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উন্মেষ সাংস্কৃতিক সংসদ। এ সময় সংগঠনের সভাপতি প্রদীপ ঘোষ, সাবেক সহসভাপতি সুজন রায়, সাবেক সাধারণ সম্পাদক রাজীব খান, সদস্য দীপক ভৌমিক, হামলার শিকার সুমাইয়া সেতু, ফারজানা আক্তার ও শুভ বণিক উপস্থিত ছিলেন।
প্রদীপ ঘোষ বলেন, ‘রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে আমরা খুলনার কৃতী ব্যক্তিত্ব শিক্ষাবিদ অসিত বরণ ঘোষকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছিলাম। আমরা আগেই সিটি করপোরেশন থেকে অনুষ্ঠান করার অনুমতি নিয়েছি। জেলা পুলিশ সুপারকেও লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু বিকেলে ছাত্রলীগের ক্যাডাররা লাঠিসোঁটা নিয়ে শহীদ মিনারে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে হামলা চালিয়েছে। পুলিশের উপস্থিতিতে এ ধরনের হামলার ঘটনা ঘটলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।’ প্রদীপ ঘোষ বলেন, ‘এ ঘটনায় আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান বলেন, ‘রফিউর রাব্বি শহীদ মিনারে বিভিন্ন অনুষ্ঠানে এসে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। একটি মুক্তিযোদ্ধা পরিবারকে গালাগালি ও বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমরা বিক্ষোভ মিছিল করেছি। রফিউর রাব্বির কুশপুত্তলিকা দাহ করেছি। তাঁকে কোনোভাবেই শহীদ মিনারে উঠতে দেওয়া হবে না।’
এ বিষয়ে জানতে চাইলে রফিউর রাব্বি বলেন, ‘ইতিপূর্বে শামীম ওসমানরা আমাদের জিব কেটে দেওয়া ও পিষে মেরে ফেলার হুমকি দিয়ে ত্বকী হত্যার বিচার চাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছে। কিন্তু তারা সফল হয়নি। হত্যা-খুনের মাধ্যমে জনগণকে যেভাবে তারা নির্যাতন করেছে, অতীতের মতো ভবিষ্যতেও তারাই দেশ ছেড়ে পালিয়ে যাবে বলে দেশবাসী মনে করে।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘শহীদ মিনারে অনুষ্ঠান করার বিষয়ে কোনো পক্ষ আমাদের জানায়নি। উন্মেষের নেতা-কর্মীরা আসার আগেই ছাত্রলীগের কর্মীরা শহীদ মিনারে অবস্থান নেন।’ কোনো হামলা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে ওসি দাবি করেন। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলেও জানান ওসি।