ছাত্রলীগের ১০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারে সময়সীমা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ছাত্রলীগের ১০ নেতাকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করার জন্য ১৭ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। গত শুক্রবার শমশেরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভা করে তাঁরা উপজেলা ছাত্রলীগকে ওই সময়সীমা বেঁধে দেন।
দলীয় সূত্রে জানা গেছে, ৪ ডিসেম্বর রাতে কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য রফিকুর রহমানকে সংবর্ধনা দেয় শমশেরনগর ইউনিয়ন যুবলীগ। সংবর্ধনা সভার শেষ দিকে মঞ্চে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সানোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগের একটি অংশের এক নেতার বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওই নেতার পক্ষের নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। ওই ঘটনার জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে গত বুধবার সভা করে শমশেরনগরের সুজা মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পাভেল আহমদ এবং শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মুহিবুল ইসলাম, মোস্তাকিম আহমদ, মুজিবুর রহমান, শেখ মাজহারুল ইসলাম, জুনেদ আহমদ চৌধুরী, মিসতা আহমদ, রাসেল আহমদ, ইমন আহমদ ও ফয়ছল আহমদকে বহিষ্কার করা হয়। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা শমশেরনগর বাজারে বিক্ষোভ মিছিল করেন।
বিষয়টি নিয়ে গতকাল শনিবার প্রথম আলোয় ‘কমলগঞ্জে ছাত্রলীগের ১০ নেতা বহিষ্কার, প্রতিবাদে বিক্ষোভ’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
গত শুক্রবার রাত আটটায় শমশেরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে জরুরি সভা করে ছাত্রলীগের ১০ নেতাকে বহিষ্কার করার আদেশ প্রত্যাহারের জন্য উপজেলা ছাত্রলীগকে সময়সীমা বেঁধে দেয়।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদুল আলম বলেন, ‘আলটিমেটামে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হবে না। উপজেলা ছাত্রলীগ সভা করে ১০ জনকে সাংগঠনিকভাবেই বহিষ্কার করেছে। তা ছাড়া ইউনিয়ন থেকে কীভাবে উপজেলা ছাত্রলীগকে বহিষ্কার বা বয়কট করবে, তা আমার জানা নেই।’