সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৬ জন নেতা-কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ নোটিশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজেদের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় এই ৩৬ জনের মধ্যে ৪ জনকে কেন এক সেমিস্টারের জন্য বহিষ্কার, ১২ জনকে ৫০০ টাকা করে জরিমানা এবং ২০ জনকে হল থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে এ নোটিশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৬, ২৭ ও ৩১ আগস্ট ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় চার কর্মীকে এক সেমিস্টারের জন্য কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে প্রশাসন। এই চারজন হলেন বাংলা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের আজমাইন, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের রাকিব, নৃ-বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টারের তাজবির ও ব্যবসায় প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের লক্ষ্মণ।
এ ছাড়া একই ঘটনায় ১২ জনকে ৫০০ টাকা করে জরিমানাসহ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন মনোয়ার হোসেন, ফাইয়াজ, নিয়াজ, তৌকির তন্ময়, রাখশ মণ্ডল, রনি তালুকদার, সজীব, সাখাওয়াত, শাহ আলম, মাহবুব, শাওন ও কামরুল ইসলাম।
আর ৩১ আগস্ট ছাত্রলীগের কর্মী মনোয়ার হোসেনের ওপর হামলা এবং এর জেরে দুই পক্ষের মারমুখী অবস্থানের কারণে ২০ নেতা-কর্মীকে ৫০০ টাকা করে জরিমানাসহ কেন শাহ পরান হল থেকে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে নোটিশ দিয়েছে হল প্রশাসন। ৩১ আগস্ট বিকেলে দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাঁদের এ নোটিশ দেওয়া হয়েছে।
এই ২০ নেতা-কর্মী হলেন জাকারিয়া, রাব্বী, শিহাব, রুহুল আমিন, কামরুল ইসলাম, নূরে আলম, তৌকির আহমদ, ঝুটন, আবদুল হাদি, আমজাদ, জনি, মোশাররফ, জাকির, আরাফাত ইয়াসিন, বাসিত মিয়া, মুনকির, ইয়ামিন, স্বাধীন, মোমিন ও আজমাইন।
শাহ পরান হলের সহকারী প্রাধ্যক্ষ শাহেদুল হোসেন নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।