ছাত্রলীগের ৪৩ জনের পদত্যাগপত্র পেশ
রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে গত শনিবার কমিটি থেকে একযোগে ৪৩ জন সদস্য পদত্যাগ করেন। ২৪ ঘণ্টা পর গতকাল রোববার তাঁরা পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন বলে জানা গেছে।
যাঁরা পদত্যাগ করেছিলেন, তাঁরা হলেন সহসভাপতি সজীব কুমার বর্মণ, শাফায়াত হোসেন, জাকিরুল ইসলাম ও হোসাইন মোহাম্মদ, যু্গ্ম সাধারণ সম্পাদক সরওয়ার আলম ও উত্তম দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ফারহান রহমান ও নাজমুল হাসানসহ ৩১ জন সম্পাদকীয় পদের নেতা এবং ১২ জন কার্যকরী সদস্য।। শনিবার মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের প্যাডে লিখিতভাবে তাঁরা পদত্যাগ করেন।
সাংগঠনিক সম্পাদক ফারহান রহমান বলেন, ‘এই কমিটি গঠনের প্রায় এক বছর পার হলেও সংগঠনের তেমন কোনো কার্যক্রম নেই। সভাপতি মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক তৌফিক হাসানসহ কয়েকজন সদস্য সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুক্ত। এ কারণে ছাত্রলীগের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এসব কারণে আমরা পদত্যাগপত্র কলেজ কমিটির দপ্তর সম্পাদকসহ রংপুর মহানগর কমিটির কাছেও জমা দিয়েছি।’
কলেজ শাখা ছত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল হাসান অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের দু-তিনজন নেতার প্ররোচনায় এই পদত্যাগের নাটক করা হয়েছে। তাঁরা ভুল বুঝতে পেরে আজ (রোববার) বিকেলে এক সভার মাধ্যমে পদত্যাগ প্রত্যাহার করে নিয়েছেন।’
ছাত্রলীগের রংপুর মহানগর কমিটির সভাপতি ইউনুছ আলী ৪৩ জন নেতার একযোগে পদত্যাগের লিখিত কাগজ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মেডিকেল কলেজের এ বিষয়টি নিয়ে শিগগিরই মাহনগর কমিটির বৈঠক ডাকা হবে। সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা থাকবেন।