ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আজ ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৮ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
গতকাল মঙ্গলবার ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ছয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হবে। সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কাটার পর ১০টায় অপরাজেয় বাংলায় আনন্দ শোভাযাত্রার উদ্বোধন হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোভাযাত্রা উদ্বোধন করবেন।
এদিকে মতাদর্শিক কারণে ১৯৭২ সালে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের অপর একটি অংশ (জাসদপন্থী) আলাদাভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে। বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সড়কদ্বীপে সমাবেশ ও শোভাযাত্রা হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাসদের স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন। সম্প্রতি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বিভক্ত হলে এই পন্থী ছাত্রলীগও দুই অংশে বিভক্ত হয়। আরেকটি অংশ সকাল ১০টায় ডাকসু ভবন চত্বরে সমাবেশ ও শোভাযাত্রা করবে। এতে জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার উপস্থিত থাকবেন।
প্রতিষ্ঠার পর থেকে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ছেষট্টির ছয় দফা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সর্বশেষ জরুরি অবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শক্ত অবস্থান নেয় ছাত্রলীগ।