ছাত্রলীগের ৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সিলেটে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িত ছাত্রলীগের আট কর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সংবাদ বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার রাতেই হাতে পেয়েছেন বলে জানিয়েছেন। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
গত বছরের ২১ জুলাই সিলেট কেন্দ্রীয় কারাগারের সামনে কারারক্ষীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। কারা কর্তৃপক্ষের অভিযোগ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদের মুক্তিপ্রক্রিয়ায় দেরি হওয়ায় তাঁর অনুসারীরা কারাগারের নিরাপত্তারক্ষীদের ওপর হামলা চালান। সংঘর্ষের ছবি তোলার সময় কারারক্ষীদের হামলায় প্রথম আলোর আনিস মাহমুদসহ তিনজন ফটোসাংবাদিক আহত হন।
সংঘর্ষের পরদিন এ ঘটনায় জড়িত জেলা ছাত্রলীগের সহসভাপতি হোসাইন আহমদ চৌধুরী, শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মওদুদ আহমদ, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফাইয়াজ আহমদ, সহসম্পাদক মাসুম আহমদ, সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য রুহেল আহমদ, এমসি কলেজের কর্মী দেলওয়ার হোসেন, ছয়েফ আহমদ ও সৌরভ দাসকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়।