ছাত্রলীগের 'হুঁশিয়ারি বিজ্ঞপ্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়তি ভর্তি ফি নিচ্ছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম নগর ছাত্রলীগ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাণিজ্যিকীকরণের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে নগরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় ‘হুঁশিয়ারি বিজ্ঞপ্তি’ পাঠ ও অভিযোগ বাক্সের উদ্বোধন করে ছাত্রলীগ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ। নগর কমিটির সাধারণ সম্পাদক নুরুল আজিম কর্মসূচি পরিচালনা করেন।
অনুষ্ঠানে ছাত্রলীগ নেতারা বলেন, স্কুলের নতুন ভর্তি ও পুনঃ ভর্তিসংক্রান্ত সরকারি নীতিমালা অনেক শিক্ষাপ্রতিষ্ঠান মানছে না। নিয়ম ভঙ্গ করে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির সময় অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের অভিযান এবং ছাত্রলীগের আন্দোলনের পরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি-বাণিজ্য থেকে সরে আসেনি।
বক্তারা আরও বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায় করছে, তাদের তালিকা ছাত্রলীগ সংগ্রহ করেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে হুঁশিয়ারি পত্র পাঠানো হবে। পাশাপাশি অতিরিক্ত অর্থ আদায়ের তথ্য-প্রমাণসহ জেলা প্রশাসককে দেওয়া হবে। ছাত্রলীগের পক্ষ থেকে নগরে চারটি স্থানে ‘অভিযোগ বাক্স’ খোলা হয়েছে। জামালখানের ‘বাতিঘর’, নিউ মার্কেটের ‘স্বাদ’, আগ্রাবাদের ‘জামান হোটেল’ ও জিইসি মোড়ের সানমার ওশান সিটিতে এসব অভিযোগ বাক্স থাকবে। সেখানে ভর্তি-বাণিজ্যসংক্রান্ত অভিযোগ (তথ্য-প্রমাণসহ) জমা দিতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। আগামী সাত দিন এই চারটি অভিযোগ বাক্স নগরের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে।