ছাত্রলীগ-কাণ্ডে বিব্রত আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে সিলেটের ছাত্রলীগ। আধিপত্য বিস্তার নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অপরাধমূলক কাজে সম্পৃক্ত হয়ে পড়ছেন সংগঠনটির একাধিক নেতা-কর্মী।
ছাত্রলীগের বেসামাল এ অবস্থায় আওয়ামী লীগের নেতারা ‘বিব্রত বোধ’ করছেন বলে জানিয়েছেন।
সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে নগরের রিকাবীবাজার এলাকায় গণজাগরণ মঞ্চের সংগঠক ও সম্মিলিত নাট্যপরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তকে কুপিয়ে আহত করে ছাত্রলীগের দর্শনদেউড়ি পক্ষ। ওই দিন সন্ধ্যায় একই স্থানে ছাত্রলীগ নেতা পারভেজ আহমদের অনুসারীরা সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির তিন ছাত্রকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। এর আগে ১৭ মে সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকা থেকে মহানগর ছাত্রলীগের সহসাধারণ সম্পাদক মিজান পারভেজ ও ছাত্রলীগ কর্মী নাজমুল হোসেনকে ফেনসিডিলসহ আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন।
পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, সাম্প্রতিক সময়ে নগরে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী জড়িত বলে অভিযোগ রয়েছে। কয়েক দিন আগে এক ছিনতাই মামলায় ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাহিদ খানম ছাত্রলীগ কর্মী আবুল হাসনাত সিদ্দিকীসহ তিনজনকে আটক করে পুলিশ। ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে মোশাহিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এরপর ছাত্রলীগের ২২ নম্বর ওয়ার্ড কমিটি বাতিল করে সংগঠনটির মহানগর শাখা।
এ ঘটনার আগে সিলেটের এমসি কলেজে ছিনতাইয়ের শিকার হন এক চীনা নাগরিক। ওই ছিনতাইয়ের সঙ্গে ছাত্রলীগের টিলাগড় গ্রুপের কয়েকজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ১ থেকে ৩ মে রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে সিলেটের নবশিখা নাট্যদলের ব্যবস্থাপনায় চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তখন নাট্যসংগঠনটির কাছ থেকে ছাত্রলীগের এক নেতার অনুসারীরা জোরপূর্বক পাঁচ হাজার টাকা চাঁদা আদায় করেন।
ছাত্রলীগের এ ধরনের বেসামাল অবস্থা সামাল দেওয়া হচ্ছে জানিয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার বলেন, ‘যেসব নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হচ্ছে, তাৎক্ষণিক তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কাউকেই কোনো ছাড় দেওয়া হচ্ছে না। গঠনতন্ত্রবিরোধী কাজ করে কেউই ছাড় পাবে না। তবে ছাত্রলীগের নেতা-কর্মী নয়, এমন অনেকে নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করছে। এর দায়ভার আমরা নেব কেন?’
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডে আমরা বিব্রত। এসব কর্মকাণ্ড একেবারেই দুঃখজনক। পরপর কয়েকটা ঘটনা ঘটেছে। ছাত্রলীগের এসব কর্মকাণ্ড শিগগির দলীয় ফোরামে আলোচনা করা হবে। এসব আমরা কখনোই সমর্থন করি না। কোনো ব্যক্তির অপকর্মের দায় অবশ্যই সংগঠন নেবে না।’