গাইবান্ধা সরকারি কলেজে ১৫ বছর ধরে ছাত্রসংসদ নির্বাচন হচ্ছে না। অথচ প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্রসংসদ ফি নেওয়া হচ্ছে। বিভিন্ন ছাত্র সংগঠন নির্বাচনের দাবিতে কলেজ ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করছে।
কলেজ কার্যালয় সূত্র জানায়, ১৯৪৭ সালে ১৩ একর জমিতে কলেজটি স্থাপিত হয়। ১৯৮০ সালে এটি সরকারীকরণ হয়। ১৯৯৬ সালে এখানে স্নাতক (সম্মান) ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর শ্রেণি চালু হয়। বর্তমানে এখানকার শিক্ষার্থীসংখ্যা প্রায় ১৪ হাজার। শিক্ষক ৫২ জন। কলেজে এক বছর মেয়াদি ছাত্রসংসদ কমিটিতে ২১টি পদ রয়েছে। ১৯৬৯ সালে এখানে প্রথমবার ছাত্রসংসদ নির্বাচন হয়। তখন গণেশ প্রসাদ সহসভাপতি ও লুৎফর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সালে এ নির্বাচন হয়। তখন খাদেমুল ইসলাম সহসভাপতি ও কামরুজ্জামান সাধারণ সম্পাদক হন। এরপর থেকে আর নির্বাচন হচ্ছে না। নির্বাচনের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন প্রায়ই ক্যাম্পাসে মিছিলসহ নানা কর্মসূচি পালন করছে।
কলেজ ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার বলেন, ‘আমরাও ছাত্রসংসদ নির্বাচনের দাবি করছি। এ জন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করেছি।’
গণিত বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র আসাদুজ্জামান বলেন, ছাত্রসংসদের সভায় শিক্ষার্থীদের ছোট-বড় সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ থাকে। আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধানও করা যায়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ নির্বাচন দিতে গাফিলতি করছে।
কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি খাদেমুল ইসলাম বলেন, সংসদে সিদ্ধান্ত নিয়ে কলেজের নানা উন্নয়ন করা সম্ভব। কিন্তু কলেজ কর্তৃপক্ষ লুটপাট বন্ধ হওয়ার ভয়ে নির্বাচন দিচ্ছে না।
নির্বাচন প্রসঙ্গে কলেজটির অধ্যক্ষ জাহেদুল ইসলাম গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ছাত্রসংসদ নির্বাচন হলে জয়-পরাজয় নিয়ে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে দ্বন্দ্ব ও বিশৃঙ্খলা হয়। তাই দীর্ঘদিন নির্বাচন হয়নি। দেশের কোনো কলেজে এখন ছাত্রসংসদ নির্বাচন হচ্ছে না। তারপরও কলেজের গণিত বিভাগের প্রধান আবদুর রউফকে আহ্বায়ক করে নির্বাচন-সংক্রান্ত পরামর্শ কমিটি করা হয়েছে। এ কমিটি শিক্ষার্থী ও সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে।
জাসদ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি রাকিব হাসান বলেন, প্রতিবছর ভর্তির সময় ছাত্রসংসদ ফি নেওয়া হয়। প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর কাছে ১৫ বছর ধরে এভাবে টাকা আদায় করা হচ্ছে। সেই টাকা নানাভাবে খরচ করছে কর্তৃপক্ষ। নির্বাচিত ছাত্রসংসদ না থাকায় এ খরচের জবাবদিহি নেই।
পদার্থবিদ্যা বিভাগের সম্মান (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র আমিরুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রসংসদ না থাকায় কলেজে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানও তেমন হচ্ছে না। ২০০৭ সালের পর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে না। এমনকি অভ্যন্তরীণ খেলাধুলাও বন্ধ রয়েছে। ফলে খেলাধুলার সুযোগ থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। অথচ প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে খেলাধুলার ফি বাবদ ২৫ টাকা করে নেওয়া হচ্ছে।
২০০৭ সাল থেকে কলেজ বার্ষিকী প্রকাশ করা হচ্ছে না বলে জানালেন উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী আফসানা আক্তার। তিনি বলেন, প্রতিবছর কলেজ বার্ষিকী প্রকাশ বাবদ ৩০ টাকা করে নেওয়া হচ্ছে। বার্ষিকী প্রকাশ না হওয়ায় সাহিত্য অনুরাগী ছাত্রছাত্রীদের মেধার বিকাশ হচ্ছে না।
এসব বিষয়ে অধ্যক্ষ বলেন, ছাত্রসংসদ, খেলাধুলা, বার্ষিকী প্রভৃতি বাবদ যে ফি আদায় করা হয়, তা আলাদা তহবিলে জমা রাখা হচ্ছে। সরকারি টাকা লুটপাটের কোনো সুযোগ নেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলে কলেজে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হচ্ছে। তাই এসব অনুষ্ঠানে ঝুঁকি নেওয়া হচ্ছে না।