ছাত্রসংসদ নির্বাচনের আশ্বাস, ছাত্রলীগের কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রসংসদ নির্বাচন করতে রাজি হওয়ায় নাটোর নবাব সিরাজ উদ-দৌলা (এনএস) সরকারি কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল রোববার তাঁদের কলেজ বন্ধ করে দেওয়ার কর্মসূচি স্থগিত করেছেন।
নাটোর এনএস কলেজ ছাত্রলীগের সভাপতি সাহাদৎ হোসেন বলেন, কলেজের অধ্যক্ষ ও অন্য শিক্ষকদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা শেষে অধ্যক্ষ ছাত্রলীগের দাবি অনুযায়ী কলেজ ছাত্রসংসদের নির্বাচন করতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন। খুব শিগগিরই স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম ও জেলা প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলেও তিনি জানান। অধ্যক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ তাঁদের পূর্বঘোষিত কলেজ বন্ধ করে দেওয়ার কর্মসূচি স্থগিত করেছে।
কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুস বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে। সাংসদ ও প্রশাসনের সঙ্গে কথা বলে যেকোনো দিন তারিখ ঘোষণা করা হবে।
গত শনিবার ছাত্রলীগ কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় তাঁরা রোববারের দুপুরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণার দাবি জানান।