ছাত্রসমাজের সংগ্রামী রূপ ম্লান হয়ে গেছে: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশের ছাত্রসমাজের সংগ্রামী রূপটা কেমন যেন ম্লান হয়ে গেছে। অভিজিৎ রায় হত্যাকাণ্ডের পর এর প্রতিবাদে ছাত্রসমাজ এগিয়ে না আসায় তিনি হতাশা প্রকাশ করে এ কথা বলেন।
বাংলাদেশ ছাত্র মৈত্রীর ১৮তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার বিমানমন্ত্রী এ হতাশা জানান। তিনি বলেন, ‘ছাত্রসমাজ আগের মতো জাগ্রত থাকলে অভিজিৎ হত্যার মতো ঘটনা ঘটত না। ভেবেছিলাম, অভিজিৎ হত্যাকাণ্ডের পর অন্তত ছাত্রসমাজ ফুঁসে উঠবে। কিন্তু সেখানেও ঘাটতি রয়ে গেল।’
সাম্রাজ্যবাদ, মৌলবাদ, দুর্নীতি ও সন্ত্রাস প্রতিহত করার ঘোষণা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সম্মেলন শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাশেদ খান মেনন। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাহাত্তরের সংবিধান পুনর্বহালের বিকল্প ছিল না। কিন্তু ওয়ার্কার্স পার্টির আপত্তি থাকা সত্ত্বেও সেখানে আপস করা হলো। যার কারণে মৌলবাদী শক্তি ও তাদের রাজনৈতিক দল বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে। ধর্মভিত্তিক রাজনীতি বিকাশের ফলে মৌলবাদের যে বিস্তার ঘটেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে মুক্তিযুদ্ধের চেতনা তো দূরের কথা, স্বাধীনতাকেও রক্ষা করা যাবে না।
সম্মেলনের উদ্বোধন করেন সাংবাদিক ও কবি শুভ রহমান। ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানভীর রুসমতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক প্রমুখ বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হয়। সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে আজ বুধবার ও কাল টিএসসি মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কাউন্সিল অধিবেশন হবে।