ছাত্রীদের ওপর আক্রমণের চিত্র লজ্জাজনক: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র ইউনিয়নের কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, ছাত্রীদের ওপর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের আক্রমণের চিত্র খুবই লজ্জাজনক।

আজ সোমবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ কথা বলেন।
রিপন বলেন, ‘আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, গত পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বর্ষবরণ অনুষ্ঠানে যে নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছিল তার প্রতিবাদ জানাতে আসা একটি ছাত্র সংগঠনের মিছিলে গতকাল আইন প্রয়োগকারী সংস্থা যে আক্রমণের ঘটনা ঘটিয়েছে, তাতে প্রতিবাদকারীরাই উল্টো লাঞ্ছনার নির্মম শিকার হলেন, বিশেষ করে ছাত্রীদের ওপর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের আক্রমণের চিত্র খুবই লজ্জাজনক।’
রিপন বলেন, বিএনপি বিশ্বাস করে সংবিধান সম্মতভাবে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ ও সমাবেশ করার অধিকার সবার রয়েছে। কিন্তু ‘বিনা ভোটে নির্বাচিত দাবিদার সরকার’ বিরোধী মত-ভিন্নমত ও প্রতিবাদকে একেবারেই সহ্য করতে পারছে না। বরং দমন করার কৌশলকেই জুতসই মনে করছে তারা। ছাত্রদের দমন করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা যে ভূমিকা পালন করছে তাতে করে উল্টো লাঞ্ছনাকারীরাই উৎসাহিত হচ্ছে। শাসক দলের লাঞ্ছনাকারীরা এতে ‘আস্কারাবোধ’ করবে। আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব হচ্ছে দুষ্টের দমন করা, কিন্তু তা না করে তারা উল্টো কাজ করছে।