ছা্ত্রলীগে শৃঙ্খলা ফেরাতে টাস্কফোর্স চান সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগে নীতি-আদর্শ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ পরামর্শ দেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এখনই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর মাঝে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। প্রথমে ছাত্রসংগঠনকে নীতিপরায়ণ ও আদর্শের দিকে নিয়ে যেতে হবে। এ জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে ছাত্রলীগের সাবেক নীতিপরায়ণ নেতা তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদেরের মতো নেতাদের নিয়ে টাস্কফোর্স গঠন করতে হবে। তাঁরা সারা দেশে ঘুরলে ছাত্রলীগের মধ্যে শৃঙ্খলাবোধ, আদর্শবোধ ও নীতিপরায়ণতা ফিরে আসবে। তাঁর মতে, যদি ছাত্রসংগঠনের মধ্যে শৃঙ্খলা ফিরে আসে, তাহলে অন্য সংগঠনগুলোর যে অবস্থা, তারও পরিবর্তন হবে।
আইন, বিচার ও সংসদ-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথে না গিয়ে নীতি-আদর্শের মাধ্যমে আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বিচারবহির্ভূত হত্যার যে কথাটি বারবার সামনে আসছে, যা বিএনপি রেখে গেছে আমাদের সামনে, ওই পথে না গিয়ে নীতি ও আদর্শের মাধ্যমে দলের শৃঙ্খলা ফিরিয়ে আনার সময় এসেছে।’ তিনি বলেন, দেশবাসীর ভরসাস্থল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেই এটা করতে হবে।
আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক নারায়ণ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী।