ছাড়া পেলেন যুব অধিকার পরিষদের নেতা, গ্রেপ্তার করা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম ইসলাম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম ইসলাম ছাড়া পেয়েছেন। রমনা থানা-পুলিশ একটি মামলায় গ্রেপ্তার করার পর তাঁকে আজ বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করে। পরে বিচারক তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দিলে মুক্তি পান তিনি। এদিকে তাঁকে গ্রেপ্তার করা নিয়ে পুলিশের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

যুব অধিকার পরিষদ বলেছে, নাদিম ইসলাম গতকাল বুধবার রাত পৌনে ৯টায় নিখোঁজ হন। পরিষদের নেতারা খোঁজখবর নিয়ে আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জানতে পারেন, রমনা থানা–পুলিশ ‘ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আইন’ ও ৭৭ ধারায় তাঁকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়।  

সংগঠনটি বলে, বুধবার রাত সাড়ে আটটার দিকে নাদিমের সঙ্গে পরিষদের এক নেতার কথা হয়। এ সময় তিনি তাঁর লালবাগের বাসা থেকে নিচে নেমে কথা বলছিলেন। রাত ১২টার দিকেও বাসায় ফেরেননি তিনি। পরে তাঁর স্ত্রী ও পরিষদের নেতারা ফোন করলে তিনি তা ধরছিলেন না। এরপর নেতারা আজ সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির গোয়েন্দা কার্যালয়, পল্টন ও চকবাজার থানায় গিয়েও নাদিমের খোঁজ পাননি। সেখান থেকে নেতারা রমনা থানায় গেলে পুলিশ প্রথমে নাদিমকে গ্রেপ্তার করার কথা অস্বীকার করেন। পরে জানান, তাঁকে বিকেল চারটার দিকে সিএমএম আদালতে পাঠানো হয়েছে।

নাদিম হাসানের আইনজীবী খাদেমুল ইসলাম আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সিএমএম আদালতের বিচারক মো. মামুনুর রশীদ শুনানি শেষে নাদিমকে ২০০ টাকা জরিমানা, অনাদায়ে তিন দিনের কারাদণ্ড দেন। জরিমানার টাকা পরিশোধ করায় তাঁকে অভিযোগ থেকে অব্যাহতিসহ মুক্তি দেন আদালত।

এর আগে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন মজুমদার ডিএমপি আইনে করা মামলার প্রতিবেদন আদালতে দাখিল করেন। এতে উল্লেখ করা হয়, নাদিম হাসান ৮ জুন রাত পৌনে ১০টার দিকে রমনা পার্ক এলাকার রাস্তায় হইহুল্লোড়, ট্রাফিকের গতিরোধ করাসহ জনসাধারণের শান্তি বিনষ্ট করার সময় টহল পুলিশের হাতে ধরা পড়েন। তাঁর কার্যকলাপের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির আইনে করা মামলার এজাহারে তাঁর নাম লেখা হয় নাদিম ইসলাম।

তবে বিকেল সাড়ে পাঁচটার পর যোগাযোগ করা হলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘যুব অধিকার পরিষদের নেতা নাদিম হাসানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।’

এদিকে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বিকেলে প্রথম আলাকে বলেন, ‘নাদিম হাসানের বিরুদ্ধে পুলিশের করা অভিযোগ ভিত্তিহীন। কোনো ধরনের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া এভাবে তুলে নিয়ে অস্বীকার করার ঘটনায় আমরা আতঙ্কিত। নিয়ম অনুযায়ী আটকের পর সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারকে জানানোর বিধান রয়েছে। অথচ পুলিশ পুরো বিষয়টা অস্বীকার করেছে। বিকেলে আদালত থেকে মুক্তি পাওয়ার পর নাদিম হাসান বাসায় ফিরে যান।’

আবু হানিফ আরও বলেন, ‘আমরা আশঙ্কা করছি, সরকারের অন্যায়–অনিয়ম, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে নাদিম হাসানকে গ্রেপ্তার করা হয়। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে ভয় দেখানোর জন্য এমনটা করা হয়েছে বলে মনে করি। এ ধরনের আচরণ আইন পরিপন্থী ও গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার শামিল।’