প্রধানমন্ত্রীর সঙ্গে আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
ছিটমহল উন্নয়নে সহায়তার প্রস্তাব দিয়েছে ইউএনডিপি
স্থলসীমান্ত চুক্তির আওতায় ভারতের কাছ থেকে পাওয়া ছিটমহলগুলোর উন্নয়নে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি—ইউএনডিপি। একই সঙ্গে সংস্থাটি ছিটমহলগুলোর অধিবাসীদের দেশের মূল স্রোতোধারায় সম্পৃক্ত করতেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল রোববার তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস সৌজন্য সাক্ষাতের সময় এ প্রস্তাব দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিং করেন। তিনি বলেন, এতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
রবার্ট ওয়াটকিনস বলেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশের ব্যাপারে খুবই আশাবাদী। তিনি বাংলাদেশ থেকে তাঁর কূটনৈতিক জীবন শুরু করায় এ দেশের প্রতি তাঁর (মুন) বিশেষ সহানুভূতি রয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশেষ করে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নজিরবিহীন সাফল্য অর্জিত হয়েছে। একইভাবে বাংলাদেশ এমডিজি-পরবর্তী লক্ষ্য পূরণেও সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রী ভিশন-২০২১ বাস্তবায়নে তাঁর সরকারের অব্যাহত প্রয়াসের কথা উল্লেখ করে বলেন, প্রথম পদক্ষেপে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন পুষ্টি চাহিদা মেটানোর কাজ চলছে। তিনি বলেন, ভিশন-২০২১ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হবে। সরকার আগামী তিন বছরের মধ্যে দেশের দারিদ্র্যের হার আরও ১০ শতাংশ হ্রাসের উদ্যোগ নিয়েছে।
শেখ হাসিনা এ ক্ষেত্রে বিশেষ করে নারীশিক্ষাসহ শিক্ষা খাতের উন্নয়নে নেওয়া বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, এ খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিএনপি-জামায়াতসহ কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তাদের হঠকারী অবরোধ কর্মসূচি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশের নিম্ন আয়ের মানুষ দুর্ভোগের শিকার হয়েছে।
রবার্ট ওয়াটকিনস সহিংসতা ও ধ্বংসযজ্ঞের মাত্রাকে দুর্ভাগ্যজনক অভিহিত করে বলেন, ‘আশা করি বাংলাদেশ এই পরিস্থিতি উতরে যেতে সক্ষম হবে।’