ছিন্নভিন্ন পার্টিকে জোড়া লাগাচ্ছেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, ‘আমরা ২৬ বছর ক্ষমতার বাইরে ছিলাম, আমি ছয় বছর জেলে ছিলাম। আমাদের নেতা-কর্মীরা জেলে ছিল। অনেক অত্যাচার সহ্য করেছি। ছিন্নভিন্ন হওয়া পার্টিকে আবার জোড়া লাগাচ্ছি।’
রংপুরে তিন দিনের সফরে এসে আজ সোমবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজ দলের অবস্থা প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
দলের দুরবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো অনেক সময় আছে। এ জন্য আমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছি। কারণ, আমাকে রংপুর আর সিলেটের মানুষ নতুন জীবন দিয়েছে।’
আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেছেন, ‘মধ্যবর্তী কোনো নির্বাচন নয়, আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি। নির্বাচনের প্রস্তুতির জন্য দুই থেকে তিন বছর সময় লাগবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জাতীয় পার্টি আবার সরকার গঠন করবে।’
সার্ক শীর্ষ সম্মেলন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘ভারত পাকিস্তানের মধ্যে যেহেতু যুদ্ধের অবস্থা তৈরি হয়েছে, তাই আমার মনে হয় সার্ক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ অংশ না নিয়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছে।’
এ সময় জাতীয় পার্টির মহানগর কমিটির আহ্বায়ক মুস্তাফিজের রহমান, সদস্যসচিব এস এম ইয়াসির, সাবেক পৌরসভার মেয়র এ কে এম আবদুর রউফ।