ছুটির দিনে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ত সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ। ছবি: মঈনুল ইসলাম
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ। ছবি: মঈনুল ইসলাম

শুক্রবার ছুটির দিনে ব্যস্ত সময় কাটিয়েছেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। আজ সকাল থেকেই তাঁরা বিভিন্ন পাড়া ও মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করে দোয়া চেয়েছেন।

নির্বাচনী বিধিমালা অনুসারে আগামী ৪ ডিসেম্বরের আগে প্রার্থীরা মিছিল ও সভা-সমাবেশের মতো আনুষ্ঠানিক কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। সে কারণে প্রার্থীরা এখন ব্যক্তিগত পর্যায়ে নিজের পক্ষে প্রচার চালাচ্ছেন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শহরের দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, অফিস-আদালত সব বন্ধ ছিল। পরিবেশ ছিল নিরিবিলি। অধিকাংশ লোকজন বাড়িতেই ছিলেন। সে কারণে সকাল থেকেই বাড়ি বাড়ি যান সম্ভাব্য প্রার্থীরা। অনেকে জুমার নামাজের পর মসজিদে মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন।

রংপুরের বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ জানান, তিনি সকালে তাঁর দলীয় কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে নির্বাচনী কর্মপরিকল্পনা নিয়ে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। পরে তাঁর নিজের মহল্লা শহরের গুপ্তপাড়ার মসজিদে জুমার নামাজ আদায় করে মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান আজ নগরের উত্তম, বানিয়াপাড়া, সিও বাজার, মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকায় মানুষজনের সঙ্গে কথা বলেন ও দোয়া চান। গতবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নিয়ে তিনি দ্বিতীয় হয়েছিলেন তিনি।

স্থানীয় অনেকের মতে, এবারও বর্তমান মেয়র ও তাঁর (মোস্তাফিজার) মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এবার বিদ্রোহী হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এলাকায় তাঁরও বেশ জনপ্রিয়তা রয়েছে। ফলে জাতীয় পার্টির ভোটে তিনি ভাগ বসাবেন বলে নগরবাসীর ধারণা। হোসেন মকবুল শাহরিয়ার আজ ভুরারহাট ও তামপাট এলাকায় প্রচারাভিযান চালান।

বিএনপি থেকে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে মহানগর বিএনপির সহসভাপতি কাওসার জামান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি গতবারও বিএনপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আজ তিনি নাজিরেরহাট ও কেরানীরহাট এলাকায় গিয়ে নিজের পক্ষে সমর্থন চান।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মেহেদী হাসান জানান, তিনি আজ ১ থেকে ৪ নম্বর ওয়ার্ডের হাজিরহাট, সুলতান মোড়, সিও বাজার ও শটকার মোড় এলাকায় মানুষের সঙ্গে দেখা করে দোয়া চেয়েছেন। গতবারও স্বতন্ত্র হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই ব্যবসায়ী-রাজনীতিক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা আমির এ টি এম গোলাম মোস্তফাও গতবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার তিনি ধাপ, পসারিপাড়া, হাসনা বাজার এলাকায় গিয়ে মানুষের কাছে দোয়া কামনা করেন।

জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান। ছবি: মঈনুল ইসলাম
জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান। ছবি: মঈনুল ইসলাম

এবার মেয়র পদের একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থী সুইটি আঞ্জুম জানান, সকাল থেকেই তিনি গণসংযোগে নামেন। আজ তিনি ৮ নম্বর ওয়ার্ডের জামতলা ও নয়াবাজার এলাকায় ভোটারদের কাছে দোয়া চেয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার রংপুর সিটি করপোরেশনের মেয়র পদে এখন পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এ ছাড়া ৩৩টি কাউন্সিলর ও ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র নিয়েছেন মোট ২১০ জন।

এবার সিটি করপোরেশনে ভোটার বেড়েছে ৩৬ হাজার ২৫২ জন। মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। পুরুষ ১ লাখ ৯৬ হাজার ৩৩৬ জন।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে ৫ নভেম্বর থেকে। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। মনোনয়ন চূড়ান্ত করা হবে ২৭ নভেম্বর। এরপর ৪ ডিসেম্বর থেকে প্রতীক বরাদ্দ ও আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু হবে। নির্বাচন হবে ২১ ডিসেম্বর।