ছেলে ও ভাই 'ডামি' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

নোয়াখালীর হাতিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ছেলে। আর বাবা আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী। এই পৌরসভায় দলের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি। তাঁর ‘ডামি’ প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে রয়েছেন ছোট ভাই ও চাচাতো ভাই। বাবার বিপক্ষে ছেলে, ভাইয়ের বিপক্ষে ভাই ও চাচাতো ভাইয়ের ‘ডামি’ প্রার্থী হওয়া নিয়ে ভোটারদের মধ্যেও রয়েছে নানা আলোচনা।
তবে নেতা-কর্মীরা বলছেন, দলীয় ও বিদ্রোহী প্রার্থীর হয়ে ছেলে ও ভাইয়েরা ‘ডামি’ প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। নির্বাচনে মেয়র পদে লড়ছেন ছয়জন প্রার্থী। এর মধ্যে পাঁচজনই আওয়ামী লীগের। পাঁচ প্রার্থীর একজন দলের মনোনীত প্রার্থী, একজন বিদ্রোহী। এ ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির প্রার্থী কাজী মো. আবদুর রহিম।
পৌরসভার ওছখালী এলাকার বাসিন্দা ওমর ফারুক বলেন, এখানকার প্রার্থীদের কাছে ভোটকেন্দ্রও চর দখলের মতো হয়ে গেছে। তাঁরা ভোটকেন্দ্রে নিজেদের আধিপত্য বিস্তার করতে ডামি প্রার্থী দাঁড় করিয়েছেন।
হাতিয়া আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এ কে এম ইউছুফ আলী। তাঁর ছেলে ইলিয়াছ উদ্দিন ‘মোবাইল ফোন’ প্রতীক নিয়ে ‘ডামি’ প্রার্থী। বিদ্রোহী প্রার্থী মো. সাইফ উদ্দিন আহমেদ। তাঁর চাচা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ ওয়ালী উল্লাহ। সাইফ উদ্দিনের ‘ডামি’ প্রার্থীর একজন মো. নেওয়াজ উদ্দিন তাঁর ছোট ভাই। আরেকজন মো. মনছুর উল্লাহ তাঁর চাচাতো ভাই (ওয়ালী উল্লাহর ছেলে)।
ছেলে প্রার্থী হওয়ার বিষয়ে এ কে এম ইউছুফ আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দলের সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ার পাশাপাশি তাঁরা দুজনকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। তাই আমরাও একজনকে প্রার্থী করেছি। তাঁরা প্রত্যাহার না করায় আমরাও করিনি।’
বিদ্রোহী প্রার্থী মো. সাইফ উদ্দিন আহমেদ পেয়েছেন ‘জগ’ প্রতীক। তাঁর ছোট ভাই মো. নেওয়াজ উদ্দিন ‘ক্যারম বোর্ড’ ও চাচাতো ভাই মো. মনছুর উল্লাহ লড়ছেন ‘নারকেলগাছ’ প্রতীক নিয়ে।
মো. সাইফ উদ্দিন আহমেদ বলেন, তৃণমূল থেকে তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ায় তিনি প্রার্থী হয়েছেন। কিন্তু পরে কেন্দ্র থেকে অন্যজনকে দলের মনোনয়ন দেওয়া হয়। নিজ অবস্থান থেকে তিনি নির্বাচনে লড়ছেন। তাঁতে সহায়তা করতে ছোট ভাই ও চাচাতো ভাই প্রার্থী হয়েছেন বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্লাহ বলেন, তিনি কারও পক্ষে এখনো মাঠে নামেননি। দলের মনোনীত প্রার্থী এখন পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। তিনি বলেন, যাঁরা বিদ্রোহী প্রার্থী কিংবা ‘ডামি’ প্রার্থী হয়েছেন, তাঁরা নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন। তবে তাঁর ছেলের প্রার্থী হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।
প্রার্থিতা নিয়ে আওয়ামী লীগে টানাপোড়েনের পরও স্বস্তিতে নেই বিএনপির প্রার্থী কাজী মো. আবদুর রহিম। তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। তাঁর অভিযোগ, দলের উপজেলা কমিটির সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতাদের অনেকে তাঁর পক্ষে কাজ করছেন না। তাঁরা আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন। শুধু তা-ই নয়, দলের যেসব নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করছেন, তাঁদেরও ফোন করে প্রচারণা থেকে দূরে থাকতে বলছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন। প্রথম আলোকে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যাঁরা দলের কোনো কর্মসূচিতে ছিলেন না, সে রকম একজনকে দল মনোনয়ন দিয়েছে। এ নিয়ে দলের অনেকেই অসন্তুষ্ট। এরপরও তিনি নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করতে বলছেন।
দলে বিদ্রোহী ও ‘ডামি’ প্রার্থী থাকার বিষয়ে হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ‘আমরা দলের পক্ষ থেকে সাইফ উদ্দিন ও অন্য দুই প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বলেছি। কিন্তু তাঁরা আমাদের কথা শোনেননি। এখন দলীয় ফোরামেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’
এ বিষয়ে জানতে চাইলে হাতিয়ার সাংসদ আয়েশা ফেরদৌস বলেন, কেন্দ্র থেকে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি যেহেতু প্রার্থিতা প্রত্যাহার করেননি, এখন দলই সিদ্ধান্ত নেবে কী করণীয়।