ছেলেমেয়ে একসঙ্গে পড়ুক চায় না হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী মন্তব্য করেছেন, ছেলে ও মেয়েদের জন্য পৃথক কলেজ-বিশ্ববিদ্যালয় হওয়া দরকার। নারীদের কর্মস্থল, শিক্ষার স্থান আলাদা আলাদা হবে। গতকাল শুক্রবার বিকেলে ফেনীর মিজান ময়দানে অনুষ্ঠিত ‘শানে রেসালত মহাসম্মেলন’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মাওলানা নূর উল্যাহ মুছাপুরির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, ফেনী জেলা সমন্বয়কারী মাওলানা রুহুল আমীন, মুফতি মাওলানা আবুল কাশেম, মুফতি মাওলানা ফারুক আহমদ, মুফতি আবুল কালাম, মাওলানা শিব্বির আহম্মদ, মাওলানা আবদুল হাই প্রমুখ।
জুনায়েদ বাবুনগরী তাঁর বক্তব্যে দাবি করেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাস্তিক্যবাদের আড্ডাখানা। যত দিন বেঁচে থাকি নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন চলবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈশাখবরণ অনুষ্ঠানে নারীদের যারা লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, নারীদের সম্মানহানি হেফাজত সহ্য করবে না। বৈশাখের অনুষ্ঠানে যারা এই অপরাধ করেছে, তারা প্রধানমন্ত্রীরও সম্মান নষ্ট করেছে।
অনুষ্ঠানে আল্লামা শফী বক্তব্য শুরু করার পর পর স্থানীয় পত্রিকার এক সাংবাদিক ছবি তুলতে গেলে তাঁকে লাঠি দিয়ে মারতে উদ্যত হন আল্লামা শফী। পরে ওই সাংবাদিক সরে যান। অনুষ্ঠান শেষে এ বিষয়ে আয়োজকেরা দুঃখ প্রকাশ করে বলেন, ‘ছবি তোলা শরিয়তবিরোধী হওয়ায় হুজুর নারাজ হয়েছেন।’