ছেলের কবরে কাঁদলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বনানী কবরস্থানে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন l ছবি: প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বনানী কবরস্থানে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন l ছবি: প্রথম আলো

ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি ফাতেহা পাঠ, কোরআন তিলাওয়াত ও মোনাজাত করে দোয়া করেন ছেলের জন্য।
ছেলের দাফনের ৭০ দিনের মাথায় গতকাল সোমবার প্রথমবারের মতো কবরের সামনে গেলেন খালেদা জিয়া। এ সময় সেখানে দলীয় কয়েক শ নেতা-কর্মী ছিলেন।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় কোকোর মৃত্যু হয়। ২৭ জানুয়ারি তাঁর মরদেহ ঢাকায় আনা হয়। ওই দিন রাজধানীর বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। এর আগে ৩ জানুয়ারি রাত থেকে নিজের কার্যালয় গুলশানে অবস্থান করছিলেন খালেদা জিয়া। গত রোববার তিনি কার্যালয় থেকে আদালতে গিয়ে জামিন পাওয়ার পর বাসায় ফেরেন।
গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বনানী কবরস্থানে কোকোর কবরের সামনে পৌঁছে খালেদা জিয়ার গাড়ি। গাড়ি থেকে নেমেই কান্নায় ভেঙে পড়েন তিনি। সেখানে তিনি মোনাজাতে অংশ নেন। এ সময় বারবার তাঁকে অশ্রু মুছতে দেখা যায়। মোনাজাত শেষে কবরের পাশে একটি চেয়ারে বসেন তিনি। এ সময় তিনি আবারও ডুকরে কেঁদে ওঠেন। পরে কোরআন তিলাওয়াত করেন।
খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, জমির উদ্দীন সরকার, আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ, খন্দকার মাহবুব হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।