ছয় ইউপিতে আ.লীগের বাধা বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ষষ্ঠ ধাপের ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ছয়টিতেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। এতে এসব ইউপিতে বিদ্রোহীরা আওয়ামী লীগের প্রার্থীদের জয়ের পথে বাধার কারণ হতে পারে বলে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় লোকজন আশঙ্কা প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর, বাড়বাড়িয়া, চরআলগী, লংগাইল, দত্তেরবাজার ও নিগুয়ারি ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এঁদের মধ্যে তিনজন আবার বর্তমান চেয়ারম্যান। তাঁরা হলেন রসুলপুর ইউপির মঈনুল হক সরকার, মশাখালীর মো. সেলিম ও বাড়বাড়িয়ার জাহিদ হোসেন। চরআলগী ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ, দত্তেরবাজারে সিরাজুল হক ও নিগুয়ারিতে আফাজ উদ্দিন বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, চরআলগীতে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। এতে বিপাকে পড়েছেন চরআলগী ইউপির আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান। তবে মাসুদুজ্জামান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা দুলাল উদ্দিনের সঙ্গে আছেন। তবে এতে কোনো সমস্যা নাই।’
রসুলপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মঈনুল হক সরকার এবং স্থানীয় কয়েকজন ভোটার বলেন, দল থেকে মনোনয়ন না পেলেও বর্তমান চেয়ারম্যান হিসেবে মঈনুল হকের যথেষ্ট জনসমর্থন রয়েছে। রসুলপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী একে অপরের বিরুদ্ধে পরস্পরকে হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেন। এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী ছাইফুল আলম দাবি করেন, তিনি (মঈনুল হক) বর্তমান চেয়ারম্যান হলেও আওয়ামী লীগের কেউ নন। দলের সিদ্ধান্ত না মানায় ভোটাররা ইতিমধ্যে তাঁকে বর্জন করেছেন। ছাইফুল আলমের ওই দাবি নাকচ করে দিয়ে মঈনুল হক সরকার বলেন, ‘জনগণ স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে পারলে আমার জয় কেউ ঠেকাতে পারবে না।’
দলীয় ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মশাখালী ইউপির মো. সেলিম ও বাড়বাড়িয়া জাহিদ হোসেন বিদ্রোহী প্রার্থী হলেও তাঁরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। তা ছাড়া বর্তমান চেয়ারম্যান হওয়ায় তাঁদের অবস্থান বেশ শক্তিশালী। এসব কারণে ওই দুই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিপাকে পড়েছেন। তবে বিদ্রোহী প্রার্থীরা জয়ের পথে কোনো বাধা নয় বলে জানান মশাখালী ইউপির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফা কামাল খান ও বাড়বাড়িয়া ইউপির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কাসেম।
এ ছাড়া উপজেলার দত্তেরবাজার ইউনিয়নে সিরাজুল হক ও নিগুয়ারিতে আফাজ উদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আছেন। তবে এ বিষয়ে দত্তেরবাজার ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী রোকসানা বেগম বলেন, ‘আমি জনগণের ভোটে গত নির্বাচনে চেয়ারম্যান হয়েছি। এবারও দল আমাকে যোগ্য মনে করে নৌকা প্রতীক দিয়েছে।’ এ ব্যাপারে নিগুয়ারি ইউপির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাবুদ্দিন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও স্থানীয় সাংসদ ফাহমি গোলন্দাজ বলেন, ‘সাংসদ হওয়ায় বিতর্ক এড়াতে আমি ইউপি নির্বাচন সামনে রেখে গফরগাঁও যাচ্ছি না। তবে মুঠোফোনে যোগাযোগ রাখি। বিদ্রোহী প্রার্থীদের কারণে কয়েকটি ইউনিয়নে দলীয় প্রার্থীরা কিছুটা সমস্যায় আছেন।’