ছয় কর্মীকে গুম করার অভিযোগ বিএনপির
দেশে নতুন করে ‘গুম-খুন’ শুরু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির অভিযোগ, সম্প্রতি তাদের ছয়জন কর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে গুম করা হয়েছে।
গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই অভিযোগ করেন। তিনি বলেন, গত ২২ থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে দলের ছয়জনকে ধরে নেওয়া হয়। এরপর থেকে তাঁরা নিখোঁজ। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোলাম রব্বানী (পিতা আবদুল লতিফ), আবু হোসেন (পিতা শমসের আলী), আপেল (পিতা এনামুল), বাবু (পিতা সাহাবুদ্দিন), টুটুল (পিতা ফজলু মোল্লা) ও নুরুল ইসলাম (পিতা কাওসার আলী)। তাঁদের মধ্যে গোলাম রব্বানী, আবু হোসেন ও নুরুল ইসলামকে রাজশাহীর মুণ্ডুমালা, আপেলকে নওগাঁয়ের নওহাটা মোড় এবং বাবু ও টুটুলকে রাজধানীর খিলক্ষেত থেকে ধরে নিয়ে যায়। নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা এর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করছেন। এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন বিএনপির মুখপাত্র।