ছয় জেলায় আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থী
উৎসবমুখর পরিবেশে গত বুধ ও গতকাল বৃহস্পতিবার চাঁদপুর, মৌলভীবাজার, সিলেট, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর: চাঁদপুরে ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. শহীদ উল্লাহ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহম্মদ মজুমদার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওচমান গনি পাটোয়ারী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ গাজী, জেলা আওয়ামী লীগের নেতা আহসান উল্লাহ আখন্দ, জহিরুল ইসলাম ও আবদুর রব ভূইয়া এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান জেলা পরিষদের প্রশাসক আবু ওসমান চৌধুরী মনোনয়নপত্র জমা দেননি। তিনি বলেন, ‘আমি আমার ভোটার তালিকা ঢাকা থেকে চাঁদপুরে পরিবর্তন করে আনার জন্য নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন আমার আপিল খারিজ করে দেন। এর ফলে আমি আমার মনোনয়নপত্র জমা দিতে পারিনি।’
মৌলভীবাজার: মৌলভীবাজারে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত আজিজুর রহমান, ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবদুর রহিম শহীদ, সাবেক সাংসদ এম এম শাহীন, বকসি ইকবাল আহমদ, সাহাব উদ্দিন ও সুহেল আহমদ।
সিলেট: সিলেট মোট চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান এবং স্বতন্ত্র হিসেবে মো. ফখরুল ইসলাম, অধ্যক্ষ এনামুল হক সর্দার ও জিয়াউদ্দিন লালা মনোনয়নপত্র জমা দেন।
শেরপুর: চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চন্দন কুমার পাল, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হুমায়ুন কবীর রুমান, জাতীয় পার্টির (জাপা) জেলা সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন এবং শেরপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. মাসুদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া: জেলায় তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগের সদস্য এ কে এম এমদাদুল বারী, ‘বিদ্রোহী’ প্রার্থী সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোবারক হোসেন এবং জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শফিকুল আলম। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, এখানে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই।
কিশোরগঞ্জ: জেলায় দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. জিল্লুর রহমান এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশিক জামান এলিন।
সুনামগঞ্জ: চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত এম এনামুল কবির, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা, লন্ডনপ্রবাসী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী ও চঞ্চলা রানী দাস।
কুমিল্লা: কুমিল্লায় দুজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল আবু তাহের ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
হবিগঞ্জ: চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত মুশফিক হোসেন চৌধুরী, এনামুল হক, মনমোহন দাস ও হাফিজুর রহমান।