ছয় নেতাকে বহিষ্কার করল কেন্দ্রীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে মারধর করার ঘটনায় ছয়জনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্ররা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারী।
স্থায়ীভাবে যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মো. রকিব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, সদস্য সাইদুল ইসলাম ও আরিফুল হক।
জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গতকাল রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভবিষ্যতে যাঁরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবহির্ভূত কাজে জড়িত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
গত শনিবার বিকেলে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করে ফেরার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক আজিজুল ইসলাম ও আইন সম্পাদক আবু সাঈদ মারধরের শিকার হন। চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় অবস্থিত জেলা পুলিশ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার দুজন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক প্রয়াত দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির অনুসারীরা তাঁদের মারধর করে।
এদিকে মারধরের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন আজিজুল ইসলাম। গত শনিবার রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় এ মামলা করা হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মনছুর আলম, মো. রাকিব উদ্দিন, আবদুল মালেক, আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব, সাংগঠনিক সম্পাদক মো. আরমান মিয়া, আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমানসহ ১১ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, আজিজুল ইসলাম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী শনিবার রাতে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলার বাদী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।