ছয় প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আজ রোববার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত রইলেন তিনজন। তাঁরা হলেন: আওয়ামী লীগ-সমর্থিত আবদুল অলিম, বিএনপি-সমর্থিত কারাবন্দী মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী ওরফে মিনার চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম। মিনার চৌধুরী সাবেক চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের প্রধান আসামি।
যে ছয়জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন তাঁরা হলেন: আওয়ামী লীগের শেখ আবদুল্লাহ, হারুনুর রশিদ মজুমদার, মো. মজিবল হক, বিএনপির নেতা গোলাম রসুল মজুমদার, সেলিনা আক্তার ও জামাল উদ্দিন মজুমদার। গত ৩১ আগস্ট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ৩ সেপ্টেম্বর বাছাইকালে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক প্রথম আলোকে বলেছেন, ছয়জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে তিন জন প্রার্থী নির্বাচনী লড়াইতে রয়েছেন। ২১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে এবং গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ বিভিন্ন সময়ে ওই মামলায় ৩২ জনকে গ্রেপ্তার দেখায়।
গত ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা বিএনপির নেতা মিনার চৌধুরী, আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির, জাহিদ চৌধুরী, জিয়াউল আলম, বেলাল হোসেন পাটোয়ারী, আবদুল্লাহিল মাহমুদসহ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। তবে অভিযোগপত্রে গ্রেপ্তার ৩২ জনের মধ্যে পাঁচ জনের নাম বাদ দেওয়া হয়।