ছয় বছর পর আগামী ১০ জুলাই সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের আঁধারে ছাত্রলীগের কোনো কমিটি গঠন হবে না। তৃণমূল নেতাদের ভোটের মাধ্যমে নেতা বানানো হবে। যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনোয়ার হোসেন এসব কথা বলেন।

যশোর জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে আনোয়ার হোসেন আরও বলেন, ‘সম্মেলন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র জেলা কমিটির পাশাপাশি কেন্দ্রীয় কমিটিও যাচাই-বাছাই করে তালিকা প্রকাশ করবে। আমরা কেন্দ্র থেকে এসে যেনতেনভাবে সম্মেলন করে চলে যাব, এবার তা হবে না।’

ছয় বছর পরে আগামী ১০ জুলাই যশোর জেলা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। ওই সম্মেলনের প্রস্তুতি বিষয়ে ছাত্রলীগের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ আগামী ১০ জুলাই যশোর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। সম্মেলন সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে নয়টি উপকমিটি গঠন করা হয়েছে।

সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়েছে, যশোর জেলা ছাত্রলীগের অধীনে ২০টি শাখা কমিটি রয়েছে। এর মধ্যে ১৫টি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট পাঁচটি কমিটি সম্মেলনের আগে গঠন করার চেষ্টা করা হবে। নবগঠিত শাখা ও জেলা কমিটির মোট ৫৪০ জন কাউন্সিলর সম্মেলনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

সম্মেলনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার থেকে ১৫ জুনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর মনোনয়নপত্র ক্রয় ও জমা দিতে হবে। জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দুই হাজার টাকা মূল্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। আগামী ৫ জুলাই নির্বাচন পরিচালনা উপকমিটি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করবে।

এদিকে আগামী ১০ জুলাই যশোর জেলা ছাত্রলীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষ ভোটে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন হবে বলে আশাবাদী তৃণমূলের নেতা-কর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সহসভাপতি জামাল হোসেন ও মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবীর, আইনবিষয়ক সম্পাদক মাহমুদ কবীর, সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজ ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল প্রমুখ।